২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোবানির গুরুত্বপূর্ণ পাহাড় কুর্দি বাহিনীর দখলে

সিরিয়া-তুর্কি সীমান্তের কোবানি শহরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড়ের চূড়া দখল করেছে কুর্দি যোদ্ধারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 02:10 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

সোমবার তীব্র লড়াইয়ের পর কুর্দি বাহিনী এ সাফল্য পায় বলে ‘সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস’ ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

মিসতেনুর নামের ওই পাহাড়ের চূড়া থেকে কোবানি শহরটির পুরো দৃশ্যপট দেখা যায়। এই পাহাড়চূড়াটি দখলের মাধ্যমে আইএস’র প্রধান সরবরাহ পথ কুর্দি বাহিনীর গুলির সীমার মধ্যে চলে এসেছে বলে জানিয়েছেন অবজারভেটরির পর্যবেক্ষকরা।

চূড়াটি দখলের লড়াইয়ে আইএস’র ১১ যোদ্ধা নিহত হয়েছেন এবং তাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাগুলি কুর্দি বাহিনীর হাতে এসেছে বলে জানিয়েছে অবজারভেটরি।

লড়াইয়ে কুর্দি পক্ষের বেশ কয়েকজন যোদ্ধাও হতাহত হয়েছেন বলে জানিয়েছেন কোবানিভিত্তিক এক কুর্দি কর্মকর্তা।

Image
File photo

File photo

মিসতেনুর পাহাড়ের পুনর্দখল কোবানির লড়াইয়ের একটি ভাগ্য নির্ধারণী মুহূর্ত হতে পারে বলে জানিয়েছেন বিবিসি’র স্থানীয় প্রতিনিধি। জঙ্গিদের হাতে দীর্ঘপাল্লার কামান থাকার পরও শহরের বাইরে কুর্দি বাহিনী তাদের মোকাবিলা করতে পারবে বলে এই সাফল্যে প্রমাণ হয়েছে বলে মনে করছেন তিনি। সেপ্টেম্বর থেকে আইএস জঙ্গিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুর্দি শহর কোবানি দখল করার চেষ্টা করছে। কিন্তু প্রথম থেকেই কুর্দিদের মরণপণ প্রতিরোধের মুখে পড়েছে তারা। ওই সময় থেকে এ পর্য্নত এ লড়াইয়ে কয়েকশ মানুষ নিহত হয়েছেন। লড়াইয়ের তীব্রতা থেকে বাঁচতে শহর ও আশপাশের অন্ততপক্ষে ২ লাখ মানুষ এলাকা ছেড়ে পার্শ্ববর্তী রাষ্ট্র তুরস্কে আশ্রয় নিয়েছেন।