‘৯৯ শতাংশের সম্পদ ছাড়িয়ে যাবে ১ শতাংশ ধনী’
২০১৬ সাল নাগাদ বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ শতাংশের সম্পদকে ছাড়িয়ে যাবে মাত্র ১ শতাংশ ধনীর সম্পদ । অক্সফামের এক গবেষণায় একথা বলা হয়েছে।
সংস্থাটি জানায়, ২০০৯ সালে বৈশ্বিক সম্পদের ৪৪ শতাংশ ছিল ১ শতাংশ ধনীর হাতে। আর গত বছর এ হার বেড়ে দাঁড়ায় ৪৮ শতাংশে।
এ ধারা অব্যাহত থাকলে আগামী বছরের মধ্যে শীর্ষ ১ শতাংশ ধনীর সম্পদ বিশ্বের মোট সম্পদের ৫০ শতাংশের বেশি হয়ে যাবে বলেই ধারণা প্রকাশ করেছে অক্সফাম।
ডাভোসে বিশ্ব অর্থনতিক ফোরামের বার্ষিক সম্মেলনের শুরুতেই অক্সফামের এ গবেষণার ফল প্রকাশ পেল।
সম্মেলনে অংশ নেবেন অক্সফামের নির্বাহী পরিচালক উইনি বায়ানিমাও। সেখানে তিনি বিশ্বের ধনী এবং দরিদ্রের মধ্যকার এই ব্যবধান কমাতে জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বান জানাবেন।
সম্মেলনের আগেই এক বিবৃতিতে বিশ্বে ধনী-গরিবের সম্পদের অসমতা চোখে পড়ার মত উল্লেখ করে এর বিরুদ্ধে নেতাদের কিছু করার এখনই সময় বলে জানিয়েছেন উইনি।
১ শতাংশ ধনী বিশ্বের ৯৯ শতাংশের মানুষের সম্পদকে ছাড়িয়ে গেলে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করা আরো কঠিন হয়ে দাঁড়াবে। আর তাই অসমতা দূর করতে বিশ্বের দেশগুলোর সরকারকে ৭-দফা পরিকল্পনা নিয়ে এগুনোর আহ্বান জানিয়েছে অক্সফাম।
