ধনীদের ওপর কর বাড়াতে চান ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার তার ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে মধ্যবিত্তদের প্রতি সহায়তার হাত বাড়াতে ধনীদের ওপর কর বাড়ানোর ডাক দেবেন।
বড় বড় অর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর ফি ধার্য করে অর্জিত সেই রাজস্ব ওবামা মধ্যবিত্ত শ্রেণীর সুযোগ সুবিধার জন্য কাজে লাগাতে চান বলে জানিয়েছেন তার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তরা।
এ বিষয়টির ওপর জোর দিয়েই কংগ্রেসের যৌথ অধিবেশণে মঙ্গলবার রাতের বাৎসরিক ওই ভাষণ দেবেন ওবামা। প্রতিনিধি পরিষদ ও সিনেটে তার প্রস্তাব রিপাবলিকানদের কিছুটা সমর্থন পাবে বলে প্রশাসন আশা করলেও ইতোমধ্যেই কংগ্রেসের উভয়কক্ষে বিষয়টি নিয়ে বিরোধিতার মুখে আছেন ওবামা।
যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রসার হতে থাকায় ওবামা মনে করেন, দেশের সাধারণ পরিবারগুলোর সুযোগ-সুবিধা পাওয়ার এটিই সময়। ভাষণে একারণেই এ বিষয়টিকে গুরুত্ব দেবেন তিনি।
মধ্যবিত্ত শ্রেণীর জন্য প্রস্তাবিত সুযোগ-সুবিধার ববস্থা করতে রাজস্ব বাড়ানো হবে প্রয়োজনের চেয়েও বেশি।
ভাষণে ওবামা কমিউনিটি কলেজগুলোতে বিনা খরচে পড়ার সুযোগ বাড়ানোর পরিকল্পনা এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা করার প্রস্তাবও রাখবেন।
গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ গ্রহণের পর এই প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন ওবামা।
