২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ: আইসিসির তদন্ত শুরু

ফিলিস্তিন অঞ্চলে বিতর্কিত যুদ্ধ অপরাধ বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Jan 2015, 07:12 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

এর মাধ্যমে ইসরায়েল বা ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার পথ উন্মুক্ত হল।

শুক্রবার এক বিবৃতিতে আইসিসির আইনজীবীরা বলেন, “গত বছর ১৩ জুনের পর থেকে ফিলিস্তিন অঞ্চলে ঠিক কি হয়েছিল সেটা তারা পূর্ণ স্বাধীন ভাবে এবং পুরোপুরি নিরপেক্ষ থেকে খতিয়ে দেখবেন।”

২০১৪ সালের জুলাই ও অগাস্ট মাসে ইসরায়েল ও হামাস যোদ্ধাদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সেটাও তারা বিচার-বিবেচনা করবেন।

ওই সংঘর্ষে ২ হাজার ১০০ জন ফিলিস্তিনি এবং ৭৩ জন ইসরায়েলী নিহত হন।

তবে আইসিসির এই পদক্ষেপের বিরুদ্ধে জোরাল আপত্তি তুলেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র জেফ রথকে বলেন, “আমরা আইসিসির পদক্ষেপের বিরুদ্ধে জোরাল আপত্তি জানাচ্ছি।”

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে তাদের আপত্তির কারণ ব্যাখ্যায় বলা হয়, ফিলিস্তিন স্বীকৃতিপ্রাপ্ত কোন দেশ নয়। এ কারণে তারা আইসিসির সদস্য হওয়ারও যোগ্য নয়।

যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মহাসচিব বান কি-মুন নিশ্চিত করে বলেছেন, পহেলা এপ্রিল থেকে আইসিসির সদস্য হিসেবে ফিলিস্তিনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

হেগে ফিলিস্তিনের প্রতিনিধি দলের প্রধান নাবিল আবুজনাঈদ বলেন, “বিষয়টি এখন আদালতের হাতে। এটা এখন একদমই আইনী বিষয় এবং আইসিসির ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।”

যেসব অপরাধ সংগঠিত হওয়ার অভিযোগ উঠেছে সেগুলোর স্বপক্ষে প্রমাণ সংগ্রহ করবেন আইনজীবীরা। যদি পর্যাপ্ত প্রমাণ হাতে পাওয়া যায় তবে দুই দেশের যে কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি কারা হতে পারে।

আইসিসির তদন্তের এই পদক্ষেপকে ‘নির্মম’ বলে বর্ণনা করেছেন ইসলায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “ফিলিস্তিন কর্তৃপক্ষের নির্মম অনুরোধের পরিপ্রেক্ষিতে আইসিসি প্রাথামিক তদন্ত কাজ শুরু করার যে ঘোষণা দিয়েছে ইসরায়েল তা পুরোপুরি বাতিল করে দিচ্ছে।”

“ফিলিস্তিন কর্তৃপক্ষ একটি দেশ নয়। এমনকি এটা আদালতের জায়গাও নয়। আইসিসির নিজস্ব আইন অনুযায়ী তারা এ ধরণের কোন তদন্ত কার্যক্রম পরিচালনাও করতে পারে না।”