বেলজিয়ামে জঙ্গি পরিকল্পনা নস্যাৎ, আটক ১৫
বেলজিয়ামজুড়ে পুলিশ কর্মকর্তাদেরকে হত্যার জঙ্গি পরিকল্পনা বানচাল করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। পুলিশের ব্যাপক সন্ত্রাস-বিরোধী অভিযানে জঙ্গি সন্দেহে আটক হয়েছে ১৫ জন।
বৃহস্পতিবার ব্রাসেলস ও ভারভিয়ের ডজনখানেকের বেশি স্থানে জঙ্গি সংগঠনের সদস্যদের খোঁজে রাতভর অভিযান চালায় পুলিশ।
এরকম একটি অভিযানের সময় পুলিশ দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। পুলিশের দাবি, ওই দুই ব্যক্তি সিরিয়ায় যুদ্ধ করেছে এবং অভিযানের সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল।
অভিযানে ১৫ জনকে আটক করা ছাড়াও চারটি কালাশনিকভ রাইফেল, বোমা তৈরির সরঞ্জাম এবং পুলিশের পোশাক উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
বেলজিয়ামের কৌঁসুলি এরিক ভ্যান দার সিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, “এই দলটি রাস্তায় এবং থানায় পুলিশদের হত্যা করার পরিকল্পনায় প্রায় সফল হয়েই যাচ্ছিল। তারা আগামী কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই হামলা চালাত।”
বৃহস্পতিবারের অভিযান সম্পর্কে তিনি বলেন, পুলিশ দেখা মাত্র দুই ব্যক্তি গুলি ছুঁড়তে শুরু করে।
সন্দেহভাজন হিসেবে আটক ১৫ জনকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এখন পর্যন্ত তাদের সঙ্গে প্যারিসে হামলাকারী জঙ্গিদের যোগসূত্রতা খুঁজে পাওয়া যায়নি।
গত সপ্তাহে প্যারিসে শার্লি এবদু বিদ্রুপ ম্যাগাজিন কার্যালয়ে এবং ইহুদি মালিকানাধীন একটি সুপারমার্কেটে জঙ্গি হামলায় ১৭ জন নিহত হয়।
এরপর থেকে পুরো ইউরোপ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার ভোরে ফ্রান্স এবং জার্মানিতেও জঙ্গি দলের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
ওদিকে, ফ্রান্সে সর্বোচ্চ সতর্কতার মধ্যেই শুক্রবার প্যারিসের কাছের শহর কোলম্বাতে অস্ত্রধারী এক ব্যক্তি পোস্ট অফিসে ঢুকে কয়েকজনকে জিম্মি করে। পরে ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করলে জিম্মি নাটকের অবসান হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আস্ত্রধারী ব্যক্তি কোন জঙ্গি সংগঠনের সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বেলজিয়ামে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। রাজধানী ব্রাসেলসের সরকারি ভবন এবং থানাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বেলজিয়ামের প্রাধানমন্ত্রী চার্লস মিশেল জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
বেলজিয়ামের মোট জনসংখ্যায় ৫ শতাংশ মুসলিম। তাদের মধ্যে প্রায় ৩০০ জন সিরিয়ায় যুদ্ধ করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
