২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও কিউবার নতুন সম্পর্কের সূচনা

যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে নতুন ভ্রমণ এবং বাণিজ্য নীতি চালু করা হচ্ছে শুক্রবার থেকেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 08:39 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এ নীতির অধীনে যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিউবায় তাদের ডেভিড ও ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন এবং কিছু কিছু প্রযুক্তি সেখানে রপ্তানী করতে পারবেন।

এছাড়াও তারা কিউবা থেকে একশ মার্কিন ডলার সমপরিমাণের মাদকদ্রব্য এবং তামাকজাতীয় পণ্য যুক্তরাষ্ট্রে নিতে পারবেন। এর অর্থ কিউবার সিগারেটের ওপর থেকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞার অবসান হল।

১৯৬১ সাল থেকেই কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরি সম্পর্ক বিদ্যমান। দীর্ঘদিন পর শত্রুতা ভুলে আবারও স্বাভাবিক সম্পর্ক গড়ার উদ্যোগ নেন দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। এর ফলস্বরূপ গত মাসে একটি চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকরা ডেভিড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে কিউবায় নিজেদের ইচ্ছা মত অর্থ খরচ করতে পারবেন। এ ক্ষেত্রে কোন বাধা-নিষেধ নেই।

তবে যুক্তরাষ্ট্রের পর্যটকদের এখনো কিউবায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রায় এক লাখ ৭০ হাজার মার্কিনি বিনা অনুমতিতে কিউবা গিয়েছেন।

ওদিকে, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর বিশ্বাস, কিউবায় মোবাইল ফোন ও সফটওয়্যার রপ্তানী বেশ সহজ হবে। তারা দেশটিতে ইন্টারনেট সুবিধা দিতেও আগ্রহী।

বিশ্বে কিউবার জনগণই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে কম সুবিধা পাচ্ছে। নতুন নীতিতে মার্কিন নাগরিকরা কিউবার ছোটখাট ব্যবসা বা কৃষিখাতে বিনিয়োগ করতে পারবেন।