২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ফরাসি কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ

ফ্রান্সের বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুতে নবীকে নিয়ে কার্টুন প্রকাশের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে ফরাসি কনস্যুলেটের বাইরে বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে প্রায় ২শ’ বিক্ষোভকারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 06:39 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

শুক্রবারের এ বিক্ষোভ-সংঘর্ষে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন করাচির একজন চিকিৎসক।

পাকিস্তানের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত-ই-ইসলামের ডাকে জুমার নামাজের পর এ প্রতিবাদ বিক্ষোভ হয়।

বিক্ষোভকারীদের কারো কারো হাতে অস্ত্র ছিল এবং নিরাপত্তা বাহিনীর ছোড়া জলকামান এবং টিয়ারগ্যাসের জবাবে তারা গুলি ছোড়ে বলেও রয়টার্সের এক ফটোসাংবাদিক জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের রাজনীতিবিদদের পক্ষ থেকে শার্লি এবদুর সর্বশেষ সংখ্যায় প্রকাশিত কার্টুনের নিন্দা জানানো হয়।

শুক্রবার প্রতিবাদকারীদের একটি দল করাচিতে ফরাসি কনস্যুলেটে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সংঘর্ষে অন্তত তিনজন আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।

বিক্ষোভকারীরা বলছেন, তারা কনস্যুলেটের কর্মকর্তাদের কাছে লিখিতভাবে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ কনস্যুলেটের প্রধান ফটকের কাছেই তাদের আটকে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদকারীদের আটকাতে পুলিশ লাঠিপেটা করে। এছাড়া জল-কামান ও টিয়ার শেলও ব্যবহার করা হয়। কেউ কেউ গুলির শব্দ পাওয়ার কথাও বলেছেন।

এক সপ্তাহ আগে প্যারিসে শার্লি এবদু কার্যালয়ে জঙ্গি হামলায় ১২ জন নিহত হন। পরবর্তী দুই দিনে জঙ্গিদের হামলায় প্যারিসে একজন নারী পুলিশসহ আরও পাঁচ জন প্রাণ হারান। পরে পুলিশের গুলিতে নিহত হয় তিন জঙ্গি।