ভারতের সঙ্গে ড্রোন চুক্তির অপেক্ষায় যুক্তরাষ্ট্র
ভারতের সঙ্গে যৌথভাবে ড্রোন (চালকবিহীন বিমান) এবং সামরিক পরিবহন বিমানের যন্ত্রপাতি তৈরির প্রকল্প নিয়ে চুক্তির অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র।
২৫ জানুয়ারি প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের আগেই যুক্তরাষ্ট্র এ চুক্তি করতে চায় বলে বুধবার জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক আন্ডারসেক্রেটারি ফ্রাঙ্ক কেন্ডাল আগামী সপ্তাহেই ভারত সফরে গিয়ে প্রকল্পটি নিয়ে আলোচনা করবেন। দুই দেশের মধ্যে পারষ্পরিক সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এর আগে আরও তিনবার ভারত সফর করেছেন কেন্ডাল।
তার মূখপাত্র মৌরিন সুমন বলেন, এবারের সফরে কেন্ডাল ভারতের প্রতিরক্ষা সচিব রাধাকৃষ্ণ মথুর, প্রতিরক্ষা উৎপাদনের সচিব জি. মোহন কুমার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈজ্ঞানিক উপদেষ্টা অবিনাশ চন্দ্রের সঙ্গে বৈঠক করবেন।
প্রতিরক্ষা প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের চলমান আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল একটি সূত্র রয়টার্সকে জানায়, এ সফরে কেন্ডাল দুইটি পাইলট প্রকল্প চূড়ান্ত করতে চাইছেন। প্রকল্প দুটি হল: চালকবিহীন বিমান নির্মাণ এবং সামরিক পরিবহন বিমান সি-১৩০ নির্মাণ প্রকল্প শুরু করা।
যুক্তরাষ্ট্রের একটি ছোট কোম্পানি এয়ারোভাইরোনমেন্ট ইনকর্পোরেশন ভারতের ড্রোন আরকিউ-১১ ‘রাবন’ তৈরি করে। ড্রোন ব্যবহারকারী দেশগুলোর কাছে রাবন অত্যন্ত জনপ্রিয়। এই ড্রোনটি খুব হাল্কা এবং এটি ম্যানুয়ালি এবং স্বয়ংক্রিয় দু’ভাবেই পরিচালনা করা যায়।
