২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সিনঝিয়াংয়ে নিষিদ্ধ হল বোরখা

চীনের সিনঝিয়াং প্রদেশের রাজধানী উরুমছিতে জনসম্মুখে বোরখা পরা নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 07:02 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

চীনের এ প্রদেশটিতে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের বাস। মৌলবাদের প্রসার ঠেকাতেই এ অঞ্চলে বোরখা নিষিদ্ধ করা হল বলে জানানো হয়েছে দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে।

সিনঝিয়াংয়ে বাস করে মুসলিম উইঘুর সম্প্রদায়, যাদের পূর্বসূরীরা মূলত পাকিস্তান, আফগানিস্তান এবং কাজাখাস্তান থেকে এসেছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া বলেছে, “বোরখা উইঘুর নারীদের ঐতিহ্যগত কোনো পোশাক নয় এবং তা বেলজিয়াম এবং ফ্রান্সের মতো দেশগুলোতেও নিষিদ্ধ।”

সম্প্রতি চীনে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। যেগুলোকে ‘ইসলামিক সন্ত্রাস’ আখ্যা দিয়েছে বেইজিং।

কয়েকজন চীনা বিশেষজ্ঞও বলেছেন, এ সহিংসতা মূলত উইঘুর এবং হান চাইনিজদের মধ্যকার জাতিগত উত্তেজনার কারণে ঘটেছে। গত বছরই মে মাসে উরুমছিতে সহিংসতায় ৩১ জন নিহত হয়।

চীনের নেতারা বলছেন, ধর্মান্ধতা দেশকে রক্তপাতের দিকে নিয়ে যাচ্ছে। তাই তা ঠেকাতে হবে।

কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে, এভাবে বোরখা নিষিদ্ধ করে মূলত উইঘুর সম্প্রদায়ের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। তাছাড়া, ধর্মের ওপর এমন কড়াকড়ির কারণে অঞ্চলটির মুসলিম তরুণ সমাজের আরো বেপরোয়া হয়ে ওঠারও আশঙ্কা আছে।