যুক্তরাষ্ট্রে মোদীর বিরুদ্ধে মামলা খারিজ
সরকার প্রধান হিসেবে ছাড় পান এই যুক্তিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
২০০২ সালে সংঘটিত গুজরাট দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে মোদীর বিরুদ্ধে নিউইয়র্কের আদালতে মামলাটি দায়ের করেছিল মানবাধিকার গোষ্ঠী আমেরিকান জাস্টিস সেন্টার (এজেসি)।
বুধবার যুক্তরাষ্ট্রের জেলা জজ অ্যানালিসা টোরেস মোদীকে ছাড় দেয়ার ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সমর্থন করেন।
রায়ে তিনি বলেন, “রাষ্ট্রের প্রধানব্যক্তিকে বিচার থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি অভিযোগ বিবেচনা ছাড়াই নির্বাহী বিভাগের ছাড় দেয়ার সিদ্ধান্তের উপর নির্ভরশীল।”
মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগেই অভিযোগে উল্লেখ করা ঘটনাটি ঘটেছে এবং মোদী তখন সরকার প্রধান ছিলেন না।
আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশিদের স্বার্বভৌম ছাড়ের আইনটি শুধু রাষ্ট্রীয় পর্যায়ে প্রযোজ্য। সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাদীপক্ষের আইনজীবীর এই যুক্তিও বাতিল করে দেন বিচারক টোরেস।
ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনের দু’টি ধারায় ২০১৪ সালের সেপ্টেম্বরে মোদির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।
ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতে দ্বিতীয় সফরে আসার আগে এ রায় দিল আদালত।
গুজরাট দাঙ্গার সময় রাজ্যটির মুখ্যমন্ত্রী ছিলেন মোদী। ওই সময় দাঙ্গা থামানোর জন্য তিনি কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ আছে।
যদিও ভারতীয় আদালতের তদন্তে ঘটনার সঙ্গে মোদীর কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল যুক্তরাষ্ট্র।
কিন্তু মোদী ভারতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই ওবামা মোদীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তড়িঘড়ি তাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
