প্যারিসে হামলার দায় স্বীকার করল ইয়েমেনের আল কায়েদা
ফ্রান্সের রাজধানী প্যারিসে বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুর অফিসে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের আল কায়েদা শাখা।
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে অবমাননা করার কারণে সংগঠনটি থেকে ওই পত্রিকায় হামলা চালানোর নির্দেশ দেয়া হয় বলে বুধবার জানানো হয়েছে ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে।
ইয়েমেনের আল কায়েদা শাখা একিউএপি’র নেতা নাসের বিন আল-আনসি ভিডিওতে বলেন, “আমরা, আরব উপদ্বীপের আল কায়দা আল জিহাদ সংগঠন, আল্লাহর বার্তাবাহককে অপমানের প্রতিশোধ হিসাবে প্যারিসে পবিত্র লড়াইয়ের দায়িত্ব স্বীকার করছি।”
প্যারিসে গত সপ্তাহে তিনদিনের জঙ্গি হামলায় অন্তত ১৭ জন নিহত হয়।শার্লি এবদু ম্যাগাজিন অফিসে হামলার মধ্য দিয়ে এ প্রাণঘাতী সহিংসতা শুরু হয়। এরপর প্যারিসে আলাদাভাবে বন্দুকধারীদের হামলায় পরবর্তী দুদিনে আরো হতাহতের ঘটনা ঘটে।
ওই অভিযানের নির্দেশ কে দিয়েছিলেন তার নাম উল্লেখ না করে আনসি বলেন, “যিনি লক্ষ্য স্থির করাসহ পুরো বিষয়টির পরিকল্পনা করেছেন এবং অভিযান চালানোর অর্থ যোগান দিয়েছেন তিনি সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব”।
বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে আনসি আরো বলেন, হামলাটি মূলত আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির পশ্চিমাদের ওপর হামলা চালানোর ডাকে সাড়া দিয়েই চালানো হয়েছে।
ইয়েমেনি আল কায়েদা শাখা একিউএপি পরিচালনা করছেন নাসের আল-উহাইয়িশী। বিশ্বব্যাপী আল কায়েদা নেটওয়ার্কের নেতা জাওয়াহিরির পরেই রয়েছেন তিনি।
আনসি বলেন, “আল্লাহর নির্দেশে এবং তার বার্তাবাহককে সমর্থন জানিয়েই আমরা একাজ করেছি। তার ওপর শান্তি বর্ষিত হোক”।
ভিডিওটির সত্যাসত্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত জানা সম্ভব হয়নি। ভিডিওটিতে আল কায়েদার মেডিয়া গ্রুপ আল-মালাহেম এর লোগো ছিল।
জঙ্গি হামলার পরও শার্লি এবদু তাদের ১৪ জানুয়ারির নতুন সংখ্যার প্রচ্ছদে আবারো মহানবী (সাঃ) এর কার্টন ছাপিয়েছে। তাদের এ সিদ্ধান্তের প্রেক্ষিতে এরই মধ্যে হুমকি এসেছে ইসলামি জঙ্গি ওয়েবসাইটগুলোতে। মুসলিম বিশ্বও এর সমালোচনা করেছে।
