মুসলিম সম্প্রদায়ের সমাবেশে জার্মান নেতারা
সহিষ্ণুতা ও ধর্মীয় স্বাধীনতাকে সমর্থন করে মুসলিম গোষ্ঠীগুলোর আয়োজনে বার্লিনের এক সমাবেশে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও প্রেসিডেন্ট জোয়াকিম গাউক উপস্থিত হয়েছিলেন।
মঙ্গলবার বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেইটে সমাবেশটি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
প্যারিস হামলার নিন্দা ও হামলার শিকারদের প্রতি সংহতি প্রকাশের জন্য সমাবেশটির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
সম্প্রতি জার্মানিজুড়ে পেজিডা সংগঠনের “ইসলামবিরোধী” সমাবেশগুলোর বিষয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন আয়োজকরা।
ড্রেসডেনে পেজিডার সর্বশেষ সমাবেশটিতে রেকর্ড সংখ্যক ২৫,০০০ মানুষ উপস্থিত ছিলেন।
সোমবার জার্মানির বিভিন্ন শহরে পেজিডাবিরোধী বড় ধরনের প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়েছে।
মুসলিম সমাবেশে প্রেসিডেন্ট গাউক বলেছেন, “আমরা সবাই জার্মানি।”
তিনি বলেন, “অভিবাসনের মাধ্যমে জার্মানিতে ধর্মীয়ভাবে, সাংস্কৃতিকভাবে এবং মানসিকভাবে অনেক বৈচিত্র্য এসেছে। এই বৈচিত্র্য আমাদের দেশকে সাফল্যমণ্ডিত, আকর্ষণীয় ও পছন্দযোগ্য করে তুলবে।”
জার্মান মুসলিমদের কাউন্সিল প্রধান আইম্যান মাজিয়েক বলেছেন, “আমরা এমন এক জার্মানির জন্য সবাই মিলেছি যা বিশাল হৃদয় নিয়ে বিশ্বের কাছে উন্মুক্ত, যা মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে, সংবাদপত্রের ও ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করে।”
মুসলিমদের এই সমাবেশটি জার্মান টেলিভিশনগুলোতে “জার্মানিই শার্লে” শিরোনামে এক বিশেষ পর্বের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
সমাবেশটিতে জার্মানির সব রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা ছাড়াও খ্রিস্টান নেতারা ও কেন্দ্রীয় ইহুদি কাউন্সিলের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন।
জার্মান মুসলিমদের কেন্দ্রীয় কাউন্সিল ও বার্লিনের তুর্কি সম্প্রদায় সমাবেশটির নাম দিয়েছিলেন, “আমরা মুসলিমরা বলছি: আমাদের পাশপাশি দাঁড়াতে দিন। আমাদের নামে সন্ত্রাস নয়।”
সমাবেশে বক্তব্য না রাখলেও চ্যান্সেলর মের্কেল, দ্রুত ও পরিষ্কারভাবে প্যারিস সহিংসতার নিন্দা জানানোয় জার্মানির ৪০ লাখ মুসলিমকে ধন্যবাদ জানান।
এর আগে সোমবার, ইসলাম জার্মানির অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করেছিলেন মের্কেল।
