২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুবারকের পুনর্বিচারের আদেশ

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক ও তার দুই ছেলের বিরুদ্ধে মামলার রায় বাতিল করে পুনরায় বিচারের আদেশ দিয়েছে আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 07:17 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার সকালে আদালতের সংক্ষিপ্ত অধিবেশনে বলা হয়, তহবিল তছরুপের মামলায় মুবারকসহ তিন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে দেয়া রায় বাতিল করে মামলাটির পুনর্বিচার করার আদেশ দেয়া হল।

মে মাসে সরকারি খাত থেকে ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ তহবিল ব্যক্তিগত কাজে ব্যয় করার অভিযোগে মুবারক দোষী সাব্যস্ত হয়েছিলেন। এতে তার তিন বছরের কারাদণ্ড হয়।

ওই অর্থ মুবারক ও তার পরিবারের মালিকানাধীন কয়েকটি বাড়ি ও একটি সরকারি প্রাসাদ যেটি মুবারক প্রতারণা করে নিজের নামে করে নিয়েছেন সেগুলোর রক্ষণাবেক্ষণ, অন্দরসজ্জা, আলোকসজ্জা, আসবাবপত্রসহ অন্যান্য কারণে ব্যয় করা হয়।

প্রথমবার মামলার শুনানি চলাকালে প্রমাণ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে হাজারখানেকের বেশি আসল ও নকল রশিদ উপস্থাপন করেছিলেন। কিন্তু ওই সময় বিচার কাজ আইনী পথে সঠিকভাবে পরিচালিত হয়নি বলে আদালত মনে করছে।

আদালত মামলার বিচার কাজ নতুন করে শুরুর আদেশ দেয়ার মুবারকের মুক্তির পথ প্রশস্ত হল।

কারণ মুবারকের বিরুদ্ধে যেসব মামলা হয়েছিল সেগুলোর মধ্যে একমাত্র এ মামলাটিরই বিচার কাজ বাকি আছে। যদি মামলাটির আগের রায় বহাল থাকে তবে তার সাজা ভোগের মেয়াদ শেষ হয়ে গেছে। কারণ ২০১১ সালের এপ্রিল থেকে কারাবন্দি আছেন মুবারক।

মুবারকের আইনজীবী বিবিসি’কে জানান, ৮৬ বছর বয়সী মুবারক শিগগিরই মুক্তি পাবেন। বর্তমানে কায়রোর একটি সামরিক হাসপাতালে বন্দি আছেন এ স্বৈরশাসক।

২০১১ সালে তার বিরুদ্ধে গণআন্দোলন চলার সময় কয়েক হাজার আন্দোলনকারীকে হত্যা পরিকল্পনা করার অভিযোগে মুবারকের বিরুদ্ধে যে মামলা হয়েছিল নভেম্বরে তা বাতিল হয়ে যায়।

এছাড়া, অন্য আরও দুইটি দুর্নীতির মামলা থেকে মুবারক এবং তার দুই ছেলে আলা (৫৩) ও জামাল (৫১) খালাস পেয়েছেন।

মিশরের গণমাধ্যম জানায়, ১৭ জানুয়ারি মুবারককে ছেড়ে দেয়া হতে পারে।