শ্রীলঙ্কা সফরে পোপ
ছয় দিনের এশিয়া সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন পোপ ফ্রান্সিস। মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখানোর পাশাপাশি শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময়কার ঘটে যাওয়া ঘটনার সত্য প্রকাশের ডাক দিয়েছেন তিনি।
২০০৯ সালে ২৬ বছরের গৃহযুদ্ধ অবসানের পর শ্রীলঙ্কায় কোনো পোপের এটিই প্রথম সফর। তাই শ্রীলঙ্কায় পা দিয়েই পোপ দেশটির গৃহযুদ্ধ তদন্তে সত্য অনুসন্ধান কমিশনেরই পট প্রস্তুত করলেন বলে মনে করা হচ্ছে। সদ্য হয়ে যাওয়া নির্বাচনে সরকার যার প্রতিশ্রুতি দিয়েছে।
তামিল গেরিলাদের পরাজিত করে শ্রীলংকার সেনারা গৃহযুদ্ধের শেষদিনগুলোতে হাজার হাজার সংখ্যালঘু তামিলকে হত্যা করেছে বলে অভিযোগ আছে। তবে শ্রীলঙ্কা সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
জাতিসংঘ ওই সময়টিতে শ্রীলঙ্কায় লড়াইরত দুপক্ষই মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে এবং গত বছরই যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের অনুমোদন দিয়েছে।
পোপ ফ্রান্সিস বলেন, অতীতের ক্ষত সারাতে সত্য অণ্বেষণও করা দরকার। তাছাড়া, দেশে ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যও এটি জরুরি।
পোপ আরো বলেন, শ্রীলঙ্কাকে নতুন করে গড়ে তোলার জন্য কেবল অবকাঠামো উন্নয়নই নয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, মানুষের মর্যাদা সমুন্নত করাসহ মানবাধিকারকে সম্মান দেখানো।
বন্দরনায়েক বিমানবন্দরে প্রেসিডেন্ট সিরিসেনার সঙ্গে দেখা করে এসব কথা বলেন পোপ। সিরিসেনা পোপের এ সফরকে তার নতুন সরকারের জন্য আশীর্বাদ বলে বর্ণনা করেন।
শ্রীলঙ্কা সফরের পর ফিলিপাইন যাবেন পোপ। সেখানে রাজধানী ম্যানিলায় এক উন্মুক্ত সমাবেশে তিনি বক্তব্য রাখবেন।
এশিয়ায় সফর শুরুর আগে পোপ জানিয়েছিলেন, এশিয়ার অগনিত অনুসারী এবং এ অঞ্চলে লাখ লাখ ক্যাথলিকের কথা ভেবেই তার এ সফর। বুধবার কলোম্বোয় এক জনসভায় পোপের বক্তৃতায় বহু লোক সমাগম হবে বলে মনে করা হচ্ছে।
পাঁচ মাস আগে দক্ষিণ কোরিয়া সফর করার পর পোপ ফের এশিয়া সফরে গেলেন।
