আফগানিস্তানে গাড়িতে বোমা, নিহত ২
আফগানিস্তানের রাজধানী কাবুলে এক গাড়িতে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্ততপক্ষে দুইজন নিহত হয়েছেন।
পুলিশ বলছে, মঙ্গলবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরো দুইজন।
সিনহুয়ার প্রতিবেদনে জানা গেছে, গাড়িটিতে একটি বোমা রাখা ছিল। এটি কাবুলের আকা আলি শামস এলাকার মির কাবুলি মসজিদের সামনে আসা মাত্র বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে গাড়ির চালক নিহত হন এবং আরোহী এক নারী আহত হন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭ টার দিকে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সময় গাড়িটির পাশ দিয়ে একটি মিনিবাস যাওয়ার সময় সেটিও আক্রান্ত হয়। এতে ওই মিনিবাসের চালক নিহত হন ও এক আরোহী আহত হন।
জঙ্গি গোষ্ঠী তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
