শিশুর হাতে পিস্তল, অভিভাবক গ্রেপ্তার
এক বছর বয়সী একটি মেয়ে শিশুর হাতে আগ্নেয়াস্ত্র ধরিয়ে দিয়ে তাকে মুখ দিয়ে গুলির শব্দ করতে বলছে বাবা-মা! এক ভিডিওতে এ দৃশ্য দেখে হতবাক হয়ে গেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা স্টেটে ওই ভিডিও দেখার পর শিশুটির ২২ বছর বয়সী মা টনি উইলসন এবং তার বয়ফ্রেন্ড মাইকেল বার্নসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুর অযত্ন এবং তাকে প্রাণঘাতী অস্ত্র নিয়ে খেলতে দেয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
বার্নসের সেল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, শিশুটি ৪০ ক্যালিবারের একটি পিস্তল নিয়ে বিছনার উপর বসে খেলছে। আর বাবা-মা শিশুটিকে পিস্তল মুখে ঠেকিয়ে মুখ দিয়ে গুলির আওয়াজ করতে বলছে।
এক পর্যায়ে শিশুটিকে “ব্যাং, শুট! পু!” শব্দ করতে শোনা যায় এমনকি পিস্তলের নল তার মুখে পুরতেও দেখা যায়।
গত বৃহস্পতিবার পুলিশ ইন্ডিয়ানার ইভান্সভিল থেকে মাইকেল বার্নসকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অন্য একটি অভিযোগ তদন্তের এক পর্যায়ে তার মোবাইলে ওই ভিডিও দেখতে পায় পুলিশ।
