বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার
ইন্দোনেশীয় নৌবাহিনীর ডুবুরিরা ১৬২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত এয়ার এশিয়ার উড়োজাহাজের ব্ল্যাকবক্স ডাটা রেকর্ডার উদ্ধার করেছে।
সোমবার সকালে ভালো আবহাওয়ার সুযোগে নৌবাহিনীর কয়েক ডজন ডুবুরির দল ব্ল্যাকবক্সটি উদ্ধার করেন বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।
বিমান দুর্ঘটনার দুই সপ্তাহ পর ব্ল্যাকবক্সটি উদ্ধার হল। এর আগে প্রতিকূল আবহাওয়ার কারণে বার বার উদ্ধার কাজে বিঘ্ন ঘটে।
২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে সিঙ্গাপুর রওয়ানা হয়েছিল বিমানটি। অর্ধেক পথ যাওয়ার আগেই ঝড়ো আবহাওয়ার কবলে পড়া ফ্লাইট কিউজেড৮৫০১ বিমানটির সঙ্গে ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটির মূল কাঠামোর সন্ধান পাওয়া গেলে আরো লাশ পাওয়া যাবে আশা করছেন উদ্ধারকারীরা।
সোমবার এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান ফ্রান্সিসকুস বামব্যাং সোলিসতিও বলেছেন, “৭টা ১১ মিনিটে ফ্লাইট ডাটা রেকর্ডার নামে পরিচিত ব্ল্যাকবক্সের অংশটি তুলে আনতে সক্ষম হয়েছি।”
আর বিমানের ককপিটের কথাবার্তা রেকর্ড করা অপর একটি ব্ল্যাকবক্সের অবস্থানও সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় যানবাহন নিরাপত্তা কমিটির প্রধান তদন্তকারী মাদজোনো সিসওসুয়ার্নো।
ব্ল্যাকবক্সটির ভয়েজ রেকর্ডারের জরুরি ট্রান্সমিটার থেকে আসা ‘পিং’ থেকে এর অবস্থান নির্ণয় করা গেলেও এটির উদ্ধার এখনো বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিধ্বস্ত বিমানটির ভাঙা ডানার কাছে ব্ল্যাকবক্সের ফ্লাইট রেকর্ডারটি পাওয়া গেছে।
এটি বিমান বিধ্বস্তের কারণ উদঘাটনে সহায়তা করবে বলে আশা করছেন দেশটির কর্মকর্তারা।
ব্ল্যাকবক্সটি রাজধানী জাকার্তায় নিয়ে যাওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর ব্ল্যাকবক্স থেকে তথ্য উদ্ধার করে বিশ্লেষণ করতে মাসখানেক লেগে যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
