সিডনি কান্ডে এক জিম্মির মৃত্যু পুলিশের গুলিতে
সিডনির লিন্ড ক্যাফেতে অস্ত্রের মুখে গ্রাহকদের জিম্মি করার ঘটনায় নিহত দুই জিম্মির একজন পুলিশের গুলিতে মারা গিয়ে থাকতে পারেন বলে জানানো হয়েছে তদন্ত রিপোর্টে।
অস্ট্রেলিয়ার বিভন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। যদিও এ ব্যাপারে নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
গত বছর ১৫ ডিসেম্বর হারুন মনিস নামের এক ব্যক্তি সিডনির লিন্ড চকলেট ক্যাফেতে ঢুকে অন্তত ৪০ জনকে জিম্মি করে এবং জিম্মিদের ইসলামিক পতাকা ওড়াতে বাধ্য করে।
পুলিশের অভিযানে মনিস নিহত হওয়ার মধ্য দিয়ে ১৬ ঘণ্টার ওই জিম্মি কাণ্ডের অবসান হয়। এ ঘটনায় দুই জিম্মি ক্যাটরিনা ডাউসন (৩৮) ও টরি জনসন (৩৪) নিহত হন।
তিন সন্তানের জননী ডাউসন একজন ব্যারিস্টার এবং জনসন ক্যাফেটির ব্যবস্থাপক ছিলেন।
ডেইলি টেলিগ্রাফ ও সিডনি মর্নিং হেরাল্ড তদন্ত কর্মকর্তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানায়, পুলিশ ক্যাফেতে অভিযান শুরু করলে বুকে ও ঘাড়ে গুলি লেগে ডাউসন মারা যান। খুব সম্ভবত পুলিশের গুলি কোন কিছুতে প্রতিহত হয়ে ডাউসনের শরীরে আঘাত হানে। জনসনকে মুনিস মাথায় গুলি করে হত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনসন মনিসের কাছ থেকে বন্দুক কেড়ে নেয়ার চেষ্টা করেছিলেন। আর ডাউসন তার একজন সন্তানসম্ভবা বন্ধুকে রক্ষা করার চেষ্টা করছিলেন।ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ চার জন গুলিবিদ্ধ হন।
পুলিশের কাছে পরিচিত মুখ মনিসের বিরুদ্ধে বেশ কয়েকটি যৌন হয়রানির মামলা চলছিল। ঘটনার সময় তিনি জামিনে ছিলেন। ইরানী শরণার্থী মুনিস অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ে ছিলেন।
