লন্ডনের ইসলামপন্থি নেতার যাবজ্জীবন কারাদণ্ড
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া লন্ডনের ইসলামপন্থি নেতা আবু হামজা আল-মাসরিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
শুক্রবার ম্যানহাটানের বিচারক ক্যাথেরিন ফরেস্ট এই রায় দেন।
বিচারক ফরেস্ট আবু হামজাকে বলেন, “আপনার মধ্যে কোন অনুশোচনা বা মমতা দেখা যায়নি।”
যদিও রায় ঘোষণার আগে আবু হামজা আদালতকে বলেছিলেন, “আমি সৎ এবং এখনো সৎ পথেই আছি।”
আবু হামজার বিরুদ্ধে ১৯৯৮ সালে ইয়েমেনে কয়েকজন পশ্চিমা পর্যটককে অপহরণ করার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় চারজন জিম্মির মৃত্যু হয়।
ইয়েমেনে অপহরণের ঘটনায় অপহরণকারীদের পরামর্শ দেয়া এবং তাদের স্যাটেলাইট ফোন সরবরাহ করার অপরাধে গত বছর মে মাসে জুরি বোর্ড আবু হামজাকে দোষী সাব্যস্ত করে।
এছাড়া আল-কায়দা ও তালেবানদের সহায়তায় অরেগনে জঙ্গি প্রশিক্ষণ শিবির গঠন করার জন্য নিজের দুইজন অনুসারীকে সেখানে পাঠানোর অভিযোগও দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
৫৬ বছর বয়সী আবু হামজার বিরুদ্ধে লন্ডনের ফিনসবুরি পার্ক মসজিদে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগও রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃপক্ষের অভিযোগ, আবু হামজার বক্তৃতা জঙ্গিদের উৎসাহ দিয়েছে।
শারীরিক প্রতিবন্ধী আবু-হামজার হাত নেই এবং তার একটি চোখ নষ্ট।
আবু হামজার আইনজীবীরা তাকে কারাগারে না রেখে গৃহবন্দী করে রাখার আদেশ দেয়ার অনুরোধ জানিয়েছিলেন বিচারকের কাছে। তাদের আশঙ্কা কারাগারে ঠিকমত চিকিৎসা সুবিধা পাবেন না এই নেতা।
জবাবে ফরেস্ট বলেন, এ ব্যাপারে কারা কর্মকর্তাদের সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত পোষন করবেন।
আবু হামজার প্রকৃত নাম মুস্তফা কামাল মুস্তফা। তিনি আদালতে অরেগনে বা অফগানিস্তানে কাউকে পাঠানোর অভিযোগ অস্বীকার করেন। আর ইয়েমেনের পর্যটকদের অপরহরণের ঘটনার সময় বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন বলে দাবি করেন।
পাকিস্তানে প্রকৌশলী হিসেবে কাজ কারার সময় কিভাবে একটি দুর্ঘটনায় তিনি তার দুই হাত হারান তার বর্ণনা আদালতকে দেন আবু হামজা।
যদিও অনেকের দাবি ১৯৮০ আফগানিস্তানে যুদ্ধ করার সময় তিনি হাত হারান।
