২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আল কায়েদার অর্থে শার্লি এবদুতে হামলা’

ফ্রান্সের বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুতে হামলা চালিয়ে ১২ জনকে হত্যাকারী সন্দেহভাজন দুইভাইয়ের একজন দাবি করেছেন, তারা ইয়েমেনের আল কায়েদা নেতা আনওয়ার আল আওলাকির কাছ থেকে অর্থ পেয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jan 2015, 02:01 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

শুক্রবার পুলিশের গুলিতে নিহত দুইভাইয়ের একজন ৩২ বয়সী শেরিফ কোয়াশি বিএফএম-টিভিকে মৃত্যুর আগে টেলিফোনে এই তথ্য দিয়েছেন।

টেলিফোনে শেরিফ বলেন, “ইয়েমেনের আল কায়েদা আমাকে শেরিফ কোয়াশিকে পাঠিয়েছে। আমি সেখানে গিয়েছিলাম, আর আনওয়ার আল আওলাকি আমাকে অর্থ দিয়েছেন।”

সন্দেহভাজন হত্যাকারী দুইভাইকে ধরতে তিনদিনের ব্যাপক অভিযান শেষে শুক্রবার তারা পুলিশের গুলিতে নিহত হন। আর তারা নিহত হওয়ার পর বিএফএম-টিভি শেরিফের টেলিফোনবার্তাটি সম্প্রচার করে।

২০১১ সালের সেপ্টেম্বরে চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় আল আওয়াকি নিহত হন। তিনি আন্তর্জাতিক সদস্য সংগ্রহের ক্ষেত্রে আল কায়েদার অত্যন্ত প্রভাবশালী একজন নেতা ছিলেন।

ইয়েমেনের একজন জ্যেষ্ঠ গোয়েন্দাসূত্র এরআগে রয়টার্সকে জানিয়েছিলেন, কোয়াশি ভাইয়েরা ২০১১ সালে ইয়েমেনে অবস্থান করার সময় আল আওলাকির সঙ্গে দেখা করেছিলেন।

প্যারিসের পূর্ব অংশে হাইপারক্যাশার নামের একটি ইহুদি সুপারশপে অপর জিম্মিকারী ৩২ বছর বয়সী আমেদি কুলিবালিও শুক্রবার পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আমেদিও পৃথকভাবে বিএফএম-টিভিকে বলেছেন, তিনি ফিলিস্তিনিদের রক্ষা করতে চান এবং ইহুদিদের হামলা করতে চান।

আমেদি যে চারজনকে জিম্মি করেছিলেন তারাও নিহত হয়েছেন।

আমেদি কুলিবালি দাবি করেন, তিনি ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত এবং কোয়াশি ভাইদের সঙ্গে পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছেন।

পুলিশ জানিয়েছে, তারা সবাই উত্তর প্যারিসের একটি ইসলামপন্থি গোষ্ঠীর সদস্য।

সাঈদ কোয়াশি (৩৪) ও শেরিফ কোয়াশি (৩২) নামের এই দুই ভাই দামার্তাঁ-অঁ-গুলুর ওই প্রিন্টিং ওয়্যারহাউসে একজনকে জিম্মি করেছিল। তাকে পুলিশ জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

হত্যাকারীদের ধরতে পুলিশ জাল গুটিয়ে আনা শুরু করলে শুক্রবার সকালে উত্তর প্যারিসের মোন্তাগনি-শান্তো-ফেলিসিত এলাকা থেকে একটি গাড়ি ছিনতাই করে সাঈদ ও শেরিফ কোয়াশি। এ সময় তাদের হাতে রকেট লঞ্চার দেখা যায় বলেও খবর আসে।

পুলিশের তাড়া খেয়ে দুই ভাই দামার্তাঁ-অঁ-গুলু এলাকায় ওই প্রিন্টিং ওয়্যারহাউসে ঢুকে পড়ে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেললে একজনকে জিম্মি করে তারা।

এই জিম্মি সঙ্কট নিয়ে টান টান উত্তেজনার মধ্যেই স্থানীয় সময় দুপুরের দিকে পোর্তু ভাঁসেন মেট্রো স্টেশনের কাছে ইহুদি সুপারশপে আমেদির হাতে লোকজন জিম্মি হওয়ার খবর আসে।

বিকালের দিকে পুলিশ দামার্তাঁ-অঁ-গুলুতে ওই ওয়্যারহাউসে ঢুকে পড়ে এবং গুলিতে নিহত হন দুই ভাই।

ফরাসি পুলিশ বলছে, আলজেরীয় বংশোদ্ভূত কোয়াশি ভাইয়েরা বেশ কিছুদিন ধরেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ‘নো-ফ্লাই’ লিস্টেও তাদের নাম ছিল।