শার্লি এবদুতে দুই হামলাকারীর দেখা মিলেছে
প্যারিসে বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুর অফিসে হামলা চালিয়ে ১২ জনকে হত্যার ঘটনার প্রধান সন্দেহভাজন দুই বন্দুকধারীর দেখা পাওয়া গেছে ফ্রান্সের উত্তরাঞ্চলে।তাদের কাছে অস্ত্র রয়েছে এবং তারা বিপজ্জনক বলে জানিয়েছে পুলিশ।
সিনহুয়া জানিয়েছে, পিকার্দি অঞ্চলে এয়নে ডিপার্টমেন্টে ধূসর রঙের ক্লিও গাড়িতে দুইজনকে দেখা গেছে। কাছাকাছি ভিলে কোথেহ্যার গ্যাস স্টেশনের ম্যানেজার দুই ব্যক্তিকে চিনতে পেরেছেন বলে জানান।
চেরিফ কৌয়েচি ও তার ভাই সাইদ কৌয়েচিকেই বুধবারের হামলায় ১২ জন হত্যার ঘটনায় সন্দেহ করছে পুলিশ। তাদেরকে এখনো ধরতে পারেনি পুলিশ।
তবে বৃহস্পতিবার তাদের অবস্থান জানার পর ফ্রান্সের উত্তরপূর্বাঞ্চলের ওই এলাকাটিতে জড়ো হতে শুরু করেছে সন্ত্রাস-বিরোধী পুলিশ।
চেরিফ কৌয়েচি ২০০৮ সালে সন্ত্রাসের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ১৮ মাসের জন্য জেলে ছিলেন বলে জানা গেছে।
