২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ‘ইসলামিকরণ’ বিরোধী বিক্ষোভ

ইউরোপে কথিত ‘ইসলামিকরণের’ বিরুদ্ধে জার্মানিজুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে ‘প্যাট্রিয়টিক ইউরোপিয়ান্স এগেইনস্ট দ্য ইসলামাইজেশন অব দ্য ওয়েস্ট’র (পেজিডা) সমর্থকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 10:31 AM

Updated : 22 Aug 2022, 11:25 AM

পেজিডা’র পাশাপাশি বিরোধী গোষ্ঠীগুলোও পেজিডা’র কর্মসূচির বিরোধিতা করে পাল্টা সমাবেশ করেছে বলে সোমবার রাতে জানিয়েছে বিবিসি।

অক্টোবর থেকেই প্রতি সপ্তাহে ‘ইসলামিকরণের’ বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে আসছে পেজিডা। কিন্তু সোমবারের এই বিক্ষোভ আয়োজনে উল্লেখযোগ্য প্রতিবাদকারীর উপস্থিতি দৃষ্টি আকর্ষণ করেছে।

জার্মানির ড্রেসডেন শহরে পেজিডার এ ধরনের এক সমাবেশে রেকর্ড ১৮,০০০ মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া রাজধানী বার্লিন, কলোন ও স্টুটগার্ডেও পেজিডার কযেক হাজার সমর্থক বিক্ষোভ মিছিল করেছেন।

তবে সব জায়গাতেই পেজিডা’র কর্মসূচির বিরোধীরা পাল্টা সমাবেশ করেছে। জার্মানির জ্যেষ্ঠ রাজনীতিবিদরা পেজিডার কর্মসূচির নিন্দা জানিয়েছেন।

বছরের শুরুতে নতুন বছরের ভাষণে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল পেজিডা আন্দোলনকে আক্রমণ করে এর নেতাদের “হৃদয় শত্রুতায় পূর্ণ” ও তারা “পূর্ব সংস্কারে আক্রান্ত” বলে মন্তব্য করেছিলেন।

পুলিশ জানিয়েছে, বার্লিনে পেজিডাবিরোধী প্রায় ৫,০০০ মানুষ পেজিডার কয়েকশত সমর্থকের মিছিলে বাধা সৃষ্টি করে মিছিলের পরিকল্পিত পথ পরিবর্তনে বা্ধ্য করে। স্টুটগার্ড, মুয়েনস্টার ও হামবুর্গে প্রায় ২২,০০০ লোক পেজিডাবিরোধী মিছিল করে বলে বার্তা সংস্থা ডিপিএস জানিয়েছে। তবে ড্রেসডেন পুলিশ জানিয়েছে, এখানে পেজিডার ১৮ হাজার সমর্থকের সমাবেশটি এক পর্যায়ে অভিবাসনবিরোধী সমাবেশে পরিণত হয়। প্রায় ৩,০০০ মানুষ পেজিডাবিরোধী বিক্ষোভ করেছে। কলোনে পেজিডার প্রায় আড়াইশ সমর্থকের বিপরীতে কয়েক হাজার পেজিডাবিরোধী মানুষ বিক্ষোভ করেছেন।