২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের লেজের অংশ পাওয়া গেছে: ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় নৌবাহিনীর টহল জাহাজ সাগরে বিমানের মতো দেখতে একটি বস্তুর সন্ধান পেয়েছে। এটি এয়ার এশিয়ার নিখোঁজ বিমানটির লেজের দিকের অংশ হতে পারে বলে জানিয়েছেন জাহাজটির ক্যাপ্টেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

বিমানের ওই অংশেই ব্ল্যাক বক্স ও বিমানের ডাটা রেকর্ডার থাকে। এ যন্ত্রগুলো পাওয়া গেলে বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ জানা যেতে পারে।

আট দিন আগে ইন্দোনেশিয়ার শহর সুরাবায়া থেকে সিঙ্গাপুরগামী এয়ারবাস এ৩২০-২০০ মডেলের বিমানটি ১৬২ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে যায়।

টহল জাহাজের ক্যাপ্টেন ইয়ান সফয়ান বলেন, “আমরা এমন একটি বস্তু খুঁজে পেয়েছি যেটা খুব সম্ভবত নিখোঁজ বিমানটির লেজের অংশ।” তবে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এখনো এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।

২৮ ডিসেম্বর মৌসুমী ঝড়ের কবলে পড়েই এয়ার এশিয়ার বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তরের। প্রতিকূল আবহাওয়ার কারণে মৃতদেহ এবং বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে।

বর্নেও দ্বীপের উপকূল থেকে সমুদ্রে ৯০ নটিক্যাল মাইলের মধ্যে মূলত বিমানটির ধ্বংসাবশেষের অনুসন্ধান করা হচ্ছে। সমুদ্রের ওই এলাকা উত্তাল থাকায় উদ্ধার কাজের গতি অত্যন্ত ধীর। ধারণা করা হচ্ছে, বিমানটি পাঁচ টুকরা হয়ে ভেঙে গেছে।

সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ বিমান গবেষক পিটার মারসজেকি বলেন, বিরূপ আবহাওয়ার কারণেই ব্ল্যাক বক্স খুঁজে বের করতে বিলম্ব হচ্ছে। তবে দুর্ঘটনার এক মাসের মধ্যেও ‘সোনার’ পদ্ধত্তি ব্যবহার করে ব্ল্যাকবক্স খুঁজে পাওয়া সম্ভব।

“সমুদ্র খুব একটা বন্ধু সুলভ আচরণ করছে না। তবে ব্ল্যাকবক্স দুর্ঘটনার পর ৩০ দিন পর্যন্ত ভাল থাকে। আশা করছি এ সময়ের মধ্যেই এয়ার এশিয়ার বিমানটির ব্ল্যাকবক্স খুঁজে পাওয়া সম্ভব হবে। বিশেষ করে অগভীর পানিতে।”

ওদিকে, বিমান নিখোঁজ হওয়ার পর চাপে রয়েছে ইন্দোনেশিয়া এয়ার এশিয়া। কোম্পানিটির সুরাবায়া-সিঙ্গাপুর রুটে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সুরাবায়া-সিঙ্গাপুর রুটে সপ্তাহে শুধুমাত্র সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ইন্দোনেশিয়া এয়ার এশিয়া কোম্পানির বিমান চলাচলের অনুমতি রয়েছে।

কিন্তু ফ্লাইট কিউজেড৮৫০১ রোববার উড্ডয়ন করে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার বিমান পরিবহন অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক জক মুরজাটমজ।

চারটি দেশের নয়টি জাহাজ সমুদ্রে নিখোঁজ বিমানটির অনুসন্ধা্ন চালাচ্ছে। এখন পর্যন্ত ৩৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

অনেকগুলো মৃতদেহ আসনের সঙ্গে বাধা অবস্থায় সাগরে ভাসছিল। ধারণা করা হচ্ছে, আরো অনেক মৃতদেহ এখন বিধ্বস্ত বিমানের ভেতরে রয়ে গেছে।

মালয়েশিয়া ভিত্তিক এয়ার এশিয়া কোম্পানির বিমান এই প্রথম এ ধরণের দুর্ঘটনায় পড়েছে।