লেবাননে সিরীয় শরণার্থী প্রবেশে কড়াকড়ি
সিরীয় শরণার্থী প্রবেশে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে প্রতিবেশী লেবানন।
এর আগে দুই দেশের নাগরিকরা অনেকটা বাধাহীনভাবেই একে অপরের দেশে প্রবেশ করতে পারত। কিন্তু এখন সিরীয়রা লেবাননে প্রবেশ করতে চাইলে তাদের ভিসার প্রয়োজন পড়বে।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই উদ্বাস্তু সমস্যা সামাল দিতে হিমশিম লেবাননে রয়েছে তালিকাভুক্ত ১১ লাখ শরণার্থী। ফলে শরণার্থীর ঢল ঠেকাতে দেশটি সর্বশেষ এ পদক্ষেপ নিল।
আগে লেবাননে প্রবেশের পর কোনো কাগজপত্র ছাড়াই ছয়মাস থাকতে পারতেন সিরিয়ার নাগরিকরা। তবে সোমবার ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে লেবাননে প্রবেশের সময় বর্ডার এন্ট্রি পোস্টগুলোতে বেশ কিছু নিয়মকানুন মানতে হবে তাদের।
লেবাননে তালিকাভুক্ত ১১ লাখ শরণার্থী ছাড়াও তালিকার বাইরে আছে আরো ৫ লাখের বেশি শরণার্থী। সব মিলিয়ে ক্ষুদ্র রাষ্ট্র লেবাননে বর্তমানে অন্তত প্রতি পাঁচজন মানুষের ১ জনই সিরিয়ার নাগরিক।
বিপুল সংখ্যক এ সিরীয় শরণার্থীর চাপ লেবাননের অবকাঠামো, সম্পদসহ আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। স্বাভাবিক কারণেই লেবাননের সরকার এখন শরণার্থীর এ ঢল কমাতে সচেষ্ট হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জাতিসংঘ শরণার্থী কমিশনের হিসাব অনুযায়ী, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে বর্তমানে বিশ্বে লেবানন ও অন্যান্য দেশে রয়েছে তালিকাভুক্ত মোট ৩২ লাখ সিরীয় শরণার্থী।
