মুসলিমের পোশাকে সন্ত্রাসের মহড়া, ভারতজুড়ে নিন্দা
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে মুসলিমের পোশাকে নকল ‘সন্ত্রাসী’ সাজিয়ে পুলিশের নিরাপত্তা মহড়া অনুষ্ঠান করা নিয়ে ভারতজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
পুলিশের ওই মহড়ার ভিডিও প্রকাশ পাওয়ায় পর এ নিন্দা-সমালোচনা শুরু হয়। গুজরাটের সুরাতে এ ধরনের একটি ভিডিও প্রকাশের পরপরই ফের নরমদায় মুসলিমের পোশাকে নকল ‘জঙ্গি’ ধরার আরেকটি মহড়ার ভিডিও প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার।
সুরাতের ভিডিওতে দেখা যায়, পুলিশ পুরুষদেরকে ধর্মীয় পোশাক লম্বা জেব্বা ও সাদা টুপি পরতে বাধা দিচ্ছে। নরমদায় ধারণ করা অপর ভিডিওতে পুলিশকে টুপি পরে সন্ত্রাসী সাজতে দেখা গেছে এবং আরো দেখা যায় যে, নর্মদা বাঁধের কাছে ‘জঙ্গি’ সেজে থাকা দুই ব্যক্তিকে পুলিশ ধরে রেখেছে। ছদ্ম ওই জঙ্গিদেরকে ‘ইসলাম জিন্দাবাদ’ বলে স্লোগানও দিতে শোনা যায় এতে।
এ সমস্ত ভিডিওকে অত্যন্ত আক্রমণাত্মক এবং নিন্দনীয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের মুসলিম নেতারা। ভারতে মোট জনসংখ্যার ১৪ শতাংশ মুসলিম।
সমালোচকরা বলেন, এ ভিডিওতে মুসলিমদের ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। ভারতের টেলিভিশন চ্যানেলগুলোতে এ ভিডিও প্রকাশ পাওয়ার পর গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল পুলিশের এ মহড়াকে ‘ভুল কাজ’ বলে স্বীকার করেন।
তিনি বলেন, “সন্ত্রাসের সঙ্গে ধর্মকে জড়িয়ে ফেলটা ভুল। বিষয়টির সুরাহা হয়েছে। এখন এনিয়ে আলোচনা বন্ধ করা উচিত। এ ভুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।”
যদিও গুজরাট পুলিশ প্রথমে তাদের কাজের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করে বলেছিল, “যারা টুপি পরে তাদের অন্যদের থেকে আলাদা মনে হয়।”
তবে পরে নিজেদের কর্মকাণ্ডের জন্য পুলিশের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়।
সুরাতের পুলিশ প্রধান প্রদীপ সেজুল বলেন, “ ভুল হয়েছে, এমনটি করা একেবারেই ঠিক হয়নি।” এ ঘটনা নিয়ে তদন্ত হবে বলে জানিয়েছে নরমদা পুলিশ।
মুসলিম নেতারা পুলিশের এ কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন। এনডিটিভি’কে জনপ্রিয় মুসলিম নেতা কামাল ফারুকী বলেন, “এর মাধ্যমে মুসলিমদের আলাদা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে যা খুবই খারাপ। তাদের (পুলিশ) ক্ষমা প্রার্থনা করতে হবে নতুবা তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে।”
