২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুকূল আবহাওয়ায় বিমান তল্লাশিতে আশাবাদ

এয়ারএশিয়ার যাত্রীবাহি বিমান জাভা সাগরের যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানকার শেষ আবহাওয়ার পরিস্থিতি বিমানের ধ্বংসাবশের খোঁজে তল্লাশিরত বহুজাতিক দলকে আশাবাদি করে তুলেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Jan 2015, 11:53 AM

Updated : 12 Oct 2022, 03:07 PM

রোববার সকালের এই আবহাওয়া বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স ও নিহত আরোহীদের আরো মৃতদেহ খুঁজে পাওয়ার ক্ষেত্রে “সুযোগের দ্বার” খুলে দেবে বলে মনে করছেন তারা।

এক সপ্তাহ আগে (গত রোববার) ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ১৬২ জন আরোহী নিয়ে এয়ারএশিয়ার বিমানটি জাভা সাগরে বিধ্বস্ত হয়। সাগরে তল্লাশি চালিয়ে এ পর্যন্ত ৩০টি মৃতদেহ উদ্ধার করা গেলেও বিমানের কোনো আরোহীকে জীবিত খুঁজে পাওয়া যায়নি।

শুক্রবার মধ্যরাতের পর থেকে সাগরের তলদেশে বিমানটির চারটি বড় ধরনের খণ্ডাংশের সন্ধান পাওয়া গেছে। এতে বিমান তল্লাশিতে বড় ধরনের অগ্রগতির কাছে চলে এসেছেন বলে ধারণা করছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা।

তল্লাশি অভিযানে কেন্দ্র দক্ষিণ বোর্নিও’র পাংকালান বান থেকে শহরটির আবহাওয়া ব্যুরো প্রধান রুকমান সোলেহ বলেছেন, “আজকের আবহাওয়া তল্লাশি প্রচেষ্টায় সুযোগের দ্বার খুলে দিতে পারে, ঢেউয়ের উচ্চতা আগামী দুইদিন পর্যন্ত কম থাকবে বলে আশা করছি।”

একই দিন সকালে তল্লাশিরত বিমানগুলোর পাইলটদের দেয়া ব্রিফিংয়ে বিমান বাহিনীর লে. কর্নেল জনসন সুপ্রিয়াদি বলেছেন, তল্লাশিকালে লাশ উদ্ধার ও বিমানের ধ্বংসাবশেষের অবস্থান নির্দেশ করে এর মাধ্যমে বিমানটির ব্ল্যাক বক্স খুঁজে বের করাই হবে মূল কাজ।

বিমানটির ব্ল্যাক বক্স খুঁজে না পাওয়া পর্যন্ত বিমান বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ জানা যাবে না। তবে জাভা সাগরের যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সে এলাকাটি প্রচণ্ড ঝড়-ঝঞ্ঝার এলাকা হিসেবে পরিচিত।

খারাপ আবহাওয়া বিমান বিধ্বস্তের ক্ষেত্রে একটি কারণ হতে পারে বলে মনে করছে ইন্দোনেশিয়ার আবহাওয়া ব্যুরো।

দুর্ঘটনার তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাডার থেকে পাওয়া তথ্যে ধারণা পাওয়া যাচ্ছে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি সম্ভবত “অবিশ্বাস্য” খাড়াভাবে উপরে ওঠার চেষ্টা করেছিল, তাতে বিমানটি (এয়ারবাস এ৩২০-২০০) হয়তো তার উচ্চতার সর্বোচ্চ সীমার বাইরে চলে গিয়েছিল।