মোশাররফকে হত্যা চেষ্টাকারীর ফাঁসি
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টা করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
নিয়াজ মোহাম্মদ নামের ওই ব্যক্তি পাকিস্তান বিমানবাহিনীর ট্যেকনিশিয়ান ছিলেন।
বুধবার পেশোয়ারের একটি কারাগারে নিয়াজের ফাঁসি কার্যকর হয়। এ সময় কারাগারের চারপাশে বিপুলসংখ্যক সেনা সদস্যের সমাগম ঘটান হয়। কারাগারের পাশের সড়কগুলোতেও বসানো হয় সেনা টহল।
৪০ বছর বয়সী নিয়াজসহ বিমানবাহিনীর সাবেক আরো পাঁচ সদস্যকে ২০০৫ সালে দোষী সাব্যস্ত করে আদালত। তারা ২০০৩ সালের ডিসেম্বরে মোশাররফের গাড়ি বহরে হামলার চেষ্টা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
ওই ছয় জনের মধ্যে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের মৃত্যুদণ্ড দেয়া হয়।
১১ দিন আগে অন্য একটি মামলায় মোশাররফকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে আরো পাঁচ ব্যক্তি দোষী সাব্যস্ত হয়।
