হত্যা চেষ্টার ৩৩ বছর পর ফুল দিয়ে শ্রদ্ধা
সাবেক পোপ দ্বিতীয় জন পলকে হত্যা চেষ্টার ৩৩ বছর পর তার সমাধিতে সাদা গোলাপ রেখে শ্রদ্ধা জানিয়েছেন অনুতপ্ত মেহমেত আলি আগকা।
শনিবার ভ্যাটিক্যান সিটিতে পলের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বর্তমান পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
১৯৮১ সালের ১৩ মে ভ্যাটিক্যানের সেন্ট পিটার্স স্কোয়ারে তুর্কি আগকা’র পরপর গুলিবর্ষণে মারাত্মক আহত আহত হয়েছিলেন জন পল। তবে উগ্রপন্থি তুর্কি’র হত্যাচেষ্টা ব্যর্থ করে সেরে উঠেছিলেন তিনি।
‘ধূসর নেকড়ে’ নামের তুরস্কের উগ্র ডানপন্থি গোষ্ঠির সদস্য আগকা’র অপরাধ ক্ষমা করে দেন পল। এরপর ১৯৮৩ সালে রোম কারাগারে আগকাকে দেখতে যান পোপ, তাকে হত্যা চেষ্টার দায়ে যাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হচ্ছিল।
হত্যাচেষ্টার পর প্রথমবারের মতো এবং কারাগারে ওই সাক্ষাতের ঠিক ৩১ বছর পর ভ্যাটিক্যানে আসেন আগকা। নিজের আগমণ প্রচার করার জন্য শনিবার ইতালির লা রিপাবলিকা দৈনিককে অনুরোধ জানিয়েছিলেন তিনি।
আগকা এসেছিলেন বলে নিশ্চিত করেছেন ভ্যাটিক্যানের ডেপুটি মুখপাত্র ফাদার কিরো বেনেদেত্তিনি।
তিনি জানান, সেন্ট পিটার’র্স ব্যাসিলিকায় পোপের সমাধির কাছে আগকা কিছু সময় নিশ্চুপ ধ্যানমগ্নভাবে দাঁড়িয়ে থাকেন, এরপর সমাধিতে দু’তোড়া সাদা গোলাপ রেখে শ্রদ্ধা জানান।
তবে বর্তমান পোপের সঙ্গে তার দেখা করার আগ্রহকে আমলে নেয়নি ভ্যাটিক্যান।
বর্তমানে ৫৬ বছর বয়সী আগকা বিশেষ ক্ষমতার আওতায় ২০০০ সালে ইতালি থেকে মুক্তি পান, তাকে তুর্কি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ১৯৭৯ সালে এক সংবাদিককে খুনের দায়ে ও অন্যান্য অপরাধে তাকে কারাগারে পাঠায় তুরস্ক।
অবশেষে ২০১০ সালে সে কারাগার থেকে মুক্তি পায়।
