২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ নির্যাতন নিয়ে জাতিসংঘ বৈঠক চায় উ কোরিয়া

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র বন্দি নির্যাতনের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনায় তোলার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 09:00 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

উত্তর কোরিয়ার মানবাধিকারের অপব্যাহারের বিষয়টি নিয়ে আগামী সপ্তাহেই জাতিসংঘের বৈঠক করার প্রস্তুতির মধ্যে দেশটি এ আহ্বান জানাল। নিরাপত্তা পরিষদকে একটি চিঠি দিয়ে সিআইএ’র নির্যাতনের বিষয়টি জরুরি ভিত্তিতে আলোচনায় স্থান দেয়ার আবেদন জানান উত্তর কোরিয়ার জাতিসংঘ দূত।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৫ সদস্যের দুই-তৃতীয়াংশের চাপের মুখে উত্তর কোরিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে ২২ ও ২৩ ডিসেম্বরে বৈঠকে বসছে। গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের একটি প্রতিবেদনে উত্তর কোরিয়ার মানবাধিকারের অপব্যাবহারের বিস্তারিত বিবরণ প্রকাশ পায়।

নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে কোনো ইস্যু স্থান পেলে সেটি নিয়ে যে কোনো সময়ই আলোচনা হতে পারে।আলোচ্যসূচিতে কোনো বিষয়কে স্থান দিতে সংখ্যাগরিষ্ঠের সমর্থন লাগে। ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্যরাও এ আলোচনা ঠেকাতে পারে না।

কূটনীতিকরা বলছেন, সিআইএ’র নির্যাতনের বিষয়টি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সদস্যরাষ্ট্রগুলোর পর্যপ্ত সমর্থন মিলবে না।

উত্তর কোরিয়ার জাতিসংঘ রাষ্ট্রদূত জা সং ন্যাম নিরাপত্তা পরিষদকে দেয়া চিঠিতে লেখেন, “ডিপিআরকে’তে (উত্তর কোরিয়া)কথিত মানবাধিকারের অপব্যাহারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অতিরঞ্জিত। সেকারণে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই”।

তিনি আরো লেখেন, “সিআইএ’র নির্যাতনের মিধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যে অপরাধ করেছে সেটি জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদের আলোচনায় স্থান দেয়া উচিত। কারণ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে খুব দ্রুতই বিষয়টির কুপ্রভাব পড়ার আশঙ্কা আছে”।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা পরবর্তী সময়ে জঙ্গি সন্দেহে আটক ব্যক্তিদের জেরা করতে গিয়ে সিআইএ’র ‘নিষ্ঠুর’ নির্যাতন চালানোর তথ্য সম্বলিত ৪৮০ পাতার প্রতিবেদন গত সপ্তাহে প্রকাশ করেছে মার্কিন সিনেট গোয়েন্দা কমিটি ।