২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ইসলাম বিরোধী ‘পেজিডা’ মিছিল

জার্মানির পূর্বাঞ্চলীয় ড্রেসডেন শহরে প্রায় ১০ হাজার মানুষ “পশ্চিমের ইসলামিকরণ” বিরোধী একটি মিছিলে অংশগ্রহণ করেছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 12:13 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

সোমবারের এই মিছিলের বিরুদ্ধে শহরটিতে পাঁচ হাজারেরও বেশি মানুষের পাল্টা একটি মিছিলও অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বিপুল সংখ্যক লোকের পাল্টাপাল্টি দুটি মিছিল সত্বেও সেখানে বড় কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি বলে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে।

“প্যাট্রিয়টিক ইউরোপিয়ান্স এ্যাগেইনস্ট দ্য ইসলামাইজেশন অব দ্য ওয়েস্ট” বা পেজিডা আন্দোলন নামে পরিচিত পশ্চিমে ইসলামের প্রভাব বৃদ্ধির বিরুদ্ধবাদি এই আন্দোলনটির জন্ম ড্রেসডেনে। সপ্তাহ খানেক আগে আন্দোলনের উদ্যেক্তরা শহরটিতে বড় ধরনের একটি সমাবেশ করেছিলেন।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল ইসলাম বিরোধী ওই সমাবেশ ও মিছিলের বিষয়ে জার্মান নাগরিকদের সতর্ক করে উগ্রপন্থিদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

দেশটির রাজধানী বার্লিনে মের্কেল বলেছেন, “জার্মানিতে সমাবেশ করার স্বাধীনতা আছে, কিন্তু অন্যান্য দেশ থেকে আগতদের বিরুদ্ধে উত্তেজনা উস্কে দেয়ার ও মিথ্যা বলার কোনো সুযোগ এখানে নেই।”

“যারা এ ধরনের সমাবেশ ও মিছিলের আয়োজন করেছেন তারা যেন কোনো সুবিধা করতে না পারেন তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে,” বলেছেন তিনি।

ইসলাম বিরোধী ওই মিছিল থেকে “ভিয়ার জিন্ট দাস অল” বা “আমরা সেই লোক” বলে শ্লোগান দেয়া হয়। কয়েক সপ্তাহ আগে বার্লিন দেয়াল পতনের ২৫ বছর পূর্তিতেও এই শ্লোগান দিয়েছিল বার্লিনের জনতা।

মিছিলে অংশগ্রহণ করা প্রবীণ এক ব্যক্তি বলেন, “আমি একজন পেনশনভোগী। পেনশনে আমি অল্প কিছু টাকা পাই, কিন্তু আমাকেও আশ্রয়াপ্রার্থীদের জন্য কর দিতে হয়।”

৮০ কিমি দূর থেকে মিছিলে যোগ দিতে আসা এক নারী বলেন, “আমি ডানপন্থি না, আমি নাৎসি’ও না, আমি শুধু আমার দেশকে নিয়ে উদ্বিগ্ন, আমার নাতনিকে নিয়ে উদ্বিগ্ন।”

জার্মানির জাতীয় পতাকা, মোমবাতি ও ব্যানার হাতে নিয়ে জার্মানির তথাকথিত ইসলামিকরণের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।

একটি ব্যানারে লেখা ছিল, “ইউরোপে কোনো শরিয়া আইন চলবে না!”

তবে কিছুক্ষণের মধ্যেই এটি পরিষ্কার হয়ে যায়, মিছিলে উপস্থিত অধিকাংশই অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের ঢলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেই এখানে এসেছেন।

মিছিল অনুষ্ঠিত হওয়ার আগে জার্মানির বিচারমন্ত্রি হেইকো মাস পেজিডা’র প্রতিবাদকে “লজ্জাজনক” বলে মন্তব্য করেন, কিন্তু দেশটির ‘ইউরোসেপ্টিক পার্টি আলটারনেটিভ ফুয়ের ডয়েসল্যান্ড’ (এএফডি) পেজিডার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।

“তাদের অধিকাংশ দাবিই বৈধ,” বলেছেন এএফডি’র নেতা বার্নড লুকে।

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর কোলনে ‘সহিষ্ণুতা’ ও ‘মুক্ত মনে’র প্রতি আস্থাশীল ১৫ হাজার মানুষ বিক্ষোভ করেছে। তাদের ঘোষণা ছিল, “তুমি কোলনবাসী-এখানে কোনো নাৎসি নেই”।