২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেনসালভানিয়া’য় গুলিবর্ষণে নিহত ৬

যুক্তরাষ্ট্রের পেনসালভানিয়ায় এক ব্যক্তির গুলিতে তার সাবেক স্ত্রী ও তার পরিবারের ছয়জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Dec 2014, 10:35 AM

Updated : 13 Oct 2022, 12:55 PM

সোমবার পেনসালভানিয়ার ফিলাডেলফিয়া শহর থেকে ৮০ কিমি উত্তরপশ্চিমের পেন্সবার্গ টাউনে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত সন্দেভাজন ঘাতককে ধরতে পেন্সবার্গ টাউন ও এর আশপাশে অভিযান চালাচ্ছিল পুলিশ।

সন্দেহভাজন ওই ঘাতকের নাম ব্র্যাডলি ইউলিয়াম স্টোন। ৩৫ বছর বয়সী স্টোন ইরাক যুদ্ধের অভিজ্ঞ সেনা, তিনি পেন্সবার্গেই বসবাস করতেন।

সোমবার ভোর সাড়ে তিনটার দিকে সাউদারটনে স্টোন তার সাবেক শ্যালিকা, তার স্বামী ও তাদের ১৪ বছরের মেয়েকে গুলি করে হত্যা করেন। গুলিতে আহত হয়েও বেঁচে যান পরিবারটির ১৭ বছর বয়সী ছেলে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর প্রায় ঘন্টাখানেক পর ল্যান্ডসডেল থেকে ৯১১’তে পুলিশের কাছে কল আসে। সেখানে একটি বাড়িতে দুজন নারীকে মৃত, গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। এরা হলেন স্টোনের সাবেক শাশুড়ি ও সাবেক নানি শাশুড়ি।

এর আধঘণ্টা পর ৯১১’তে আরেকটি কল পায় পুলিশ। ওই কলের সূত্র ধরে লোয়ার স্যালফোর্ডের একটি বাড়িতে স্টোনের সাবেক স্ত্রী নিকোলের (৩৩) গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

এক সংবাদ সম্মেলনে পেনসালভানিয়ার মোন্টগোমারি জেলার প্রধান আইন কর্মকর্তা রিসা ভেটরি ফেরম্যান জানিয়েছেন, অভিযান চলাকালে পেন্সবার্গের বাসিন্দাদের দরজা বন্ধ করে বাসায় অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।

ফেরম্যান বলেছেন, “আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি, তখন জানিনা সে (স্টোন) কোথায় আছে।”

ঘটনার আগে সাবেক স্ত্রী’র বাড়ি থেকে নিজের দুই কন্যাকে সরিয়ে নিয়েছিলেন স্টোন। প্রতিবেশীর বাড়িতে রাখা ওই দুই কন্যা নিরাপদ আছেন বলে জানিয়েছেন তিনি।

ইরাক থেকে ফিরে আসার পর থেকে স্টোন ‘পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ এ ভুগছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

ফেরম্যানের দপ্তর থেকে নিজেদের ফেইসবুক পেইজে বলা হয়েছে, “স্টোন সশস্ত্র ও বিপদজনক হতে পারেন।”

লাল দাঁড়ি-গোফ অলা ছোট করে ছাঁটা চুলের ৫ ফুট ১০ ইঞ্চি লম্বা স্টোন যুক্তরাষ্ট্র মেরিনের রিজার্ভ সেনা ছিলেন, ২০১১ সালে তাকে সম্মানের সঙ্গে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।