২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে অস্ত্রধারীদের এপার্টমেন্ট অবরোধ, গ্রেপ্তার ৩

অস্ট্রেলিয়ার সিডনিতে জিম্মি নাটক চলার মধ্যে বেলজিয়ামের গেন্ট শহরে এক এপার্টমেন্টে ৪ অস্ত্রধারীর হানা দেয়ার খবর পাওয়া গেছে। তারা এক ব্যক্তিকে জিম্মিও করেছে বলে জানা গেছে অনিশ্চিত সূত্রে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 08:29 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

বিবিসি জানায়, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অস্ত্রধারীরা এপার্টমেন্ট অবরোধ করার পর পুলিশ এলাকাটি সিল করে দিয়েছে। এলাকার বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার জন্য দরজা বন্ধ করে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

ঘটনাস্থল থেকে বিবিসি’র প্রতিনিধিরা জানান, খুব সম্ভবত ওই ব্যক্তিরা শহরের ড্যামপোর্ট এলাকা দিয়ে এসে ওই ভবনে প্রবেশ করে। কোন রকম শোরগোল ছাড়াই তিনজনের বেশি মানুষ বাড়ির ভেতর হানা দেয়।

কিন্তু ওই ব্যক্তিরাই সন্দেহভাজন অস্ত্রধারী কিনা তা এখনো পরিষ্কার নয়। স্থানীয় এক কৌঁসুলি জানান, এ ঘটনার সঙ্গে কোন সন্ত্রাসী হামলা বা ইসলামিক স্টেটের জড়িত থাকার ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি।

শহরের মুখপাত্র অ্যান্নেমি সের্লিপেনস বলেন, “সিডনিতে যে ঘটনা চলছে এটি সে ধরনের ঘটনা না।”

গেন্ট পুলিশ প্রধান ফিলিপ র্যানসচেট স্থানীয় একটি ওয়েব সাইটে বলেন, “খুব সম্ভবত একজনকে জিম্মি করা হয়েছে। তাই খুব সতর্কতার সঙ্গে আমরা অভিযান পরিচালনা করছি।”

“সরকারি বাহিনী এরই মধ্যে ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নিয়েছে। জিম্মিকে সফলভাবে ছাড়িয়ে আনতে যা কিছু প্রয়োজন সবই তাদের কাছে রয়েছে।”