২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে সৌদি নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদে তিন শ্রমিককে জিম্মি করে রাখা এক বন্দুকধারীর গুলিতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Dec 2014, 04:11 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

রোববার জিম্মিদের মুক্ত করার চেষ্টাকালে এ ঘটনা ঘটে বলে সোমবার জানিয়েছে পুলিশ।

পরে ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করে জিম্মি শ্রমিকদের মুক্ত করা হয় বলে পুলিশের দেয়া বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে বন্দুকধারীর পরিচয় বা উদ্দেশ্যের বিষয়ে কিছু জানানো হয়নি।

দেশটির রাষ্ট্রিয় এসপিএ বার্তা সংস্থায় রিয়াদ পুলিশের দেয়া বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “আল হামৌদ মসজিদের কাছে অজ্ঞাত এক ব্যক্তি স্বয়ংক্রিয় একটি অস্ত্র নিয়ে তিন শ্রমিককে জিম্মি করে আর পথচারীদের গুলি করার হুমকি দেয়।”

“পুলিশ তাকে ঘিরে ফেলে অস্ত্র ফেলে দিতে বললে সে ব্যাপক গুলিবর্ষণ করে।”

এ সময় পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে, পাল্টাপাল্টি গুলিবর্ষণকালে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত ও অপর একজন আহত হন। এ সময় একজন বেসামরিক ব্যক্তিও আহত হন।

গুলিতে হামলাকারী নিজেও আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র।

রোববার ভোরে সৌদি পুলিশ জানিয়েছিল, সংখ্যালঘু শিয়াদের একটি গ্রামের কাছে অজ্ঞাত হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে হত্যা করেছে। সংখ্যালঘু শিয়াদের মধ্যে সৃষ্ট অস্থিরতায় ওই এলাকাটির বিশেষ ভূমিকা আছে বলে জানা গেছে।

চলতি বছর সৌদি কর্মকর্তারা জানিয়েছিলেন, ইরাক ও সিরিয়ার সংঘাতের সূত্র ধরে তাদের দেশেও ইসলামিপন্থি জঙ্গি সমস্যা মাথাচাড়া দিয়ে উঠায় প্রশাসন উদ্বিগ্ন। এ ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য কঠোর শাস্তির বিধান জারি করেছে দেশটির সরকার।