জাপানে ক্ষমতাসীন জোটের বিপুল বিজয়
জাপানের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের (নিম্নকক্ষের) নির্বাচনে প্রধানমন্ত্রী শিনজো আবের ক্ষমতাসীন জোট ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে অ্যাবের লিবারেল ডেমক্রেটিক পার্টি (এলডিপি)এবং এর শরিক কোমেইতো পার্টি নিম্ন কক্ষের ৪৭৫টি আসনের মধ্যে ৩২৬টি আসনে জয় পেয়েছে।
এতে দুই-তৃতীয়াংশে আসনের (৩১৭টি) চেয়েও বেশি আসনে জয় পেয়ে নিম্নকক্ষে “নিরঙ্কুশ” সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ক্ষমতাসীন জোট।
নির্বাচনের ফলাফলে জোটের মোট আসন অপরিবর্তিত থাকলেও এলডিপি’র দলীয় আসন বেড়ে ২৯১টি থেকে ২৯৫টি’তে এসে দাঁড়িয়েছে।
গত মাসে জাপানের প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ডাক দেন। তার অর্থনৈতিক সংস্কারের পক্ষে সমর্থন বাড়াতে আবে আগাম এই নির্বাচনের ডাক দিয়েছেন বলে ধারণা বিশেষজ্ঞদের।
ফলাফল ঘোষণার পর টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে অ্যাবে বলেছেন, “আমাদের দুই বছরের ‘অ্যাবেনোমিকস্’ন নীতিকে জনগণ অনুমোদন করেছে বলে আমি মনে করি। তবে এতে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই।”
ক্ষমতাসীন জোট ব্যাপক জয় পেলেও ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির হার রেকর্ড পরিমাণ কম ছিল। প্রধানমন্ত্রীর “অ্যাবেনোমিক্স” কৌশল মূল্যস্ফিতি কমিয়ে প্রবৃদ্ধি অর্জন করতে পারবে বা এর বিপরীতে বিরোধীরা কিছু করতে পারবে, দুটি বিষয়েই সন্দেহ থাকায় ভারী তুষারপাতের মধ্যে অনেক ভোটার ভোট দিতেই যাননি।
২০১২ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন আবে। ক্ষমতা গ্রহণের পর জাপানের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন তিনি।
তার এ উদ্যোগে দেশটির অর্থনীতি প্রাথমিকভাবে অগ্রসর হলেও এ বছরের দ্বিতীয়ার্ধে তা আবারো স্থবির হয়ে পড়ে।
এদিকে ক্ষমতাসীন জোট ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেলেও আবের রক্ষণশীল লিবারেল ডেমক্রেটিক পার্টি (এলডিপি) এককভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই নিম্নকক্ষে ‘নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা’ বজায় রাখতে দলটিকে তাদের ক্ষুদ্র শরিক কোমেইতো পার্টির সঙ্গে জোট বজায় রাখতে হবে।
প্রতিনিধি পরিষদের ৪৭৫টি আসনের জন্য রোববার দেশটির ৪৮,০০০ কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ হয়। উল্লেখিত আসনগুলোতে মোট ১,১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫৩ দশমিক ৩ শতাংশ, যা নিম্ন ভোটার উপস্থিতির একটি রেকর্ড।
