জাপানে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু
জাপানি পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের (নিম্ন কক্ষের) ৪৭৫টি আসনের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
রোববার স্থানীয় সময় সকাল ৭টায় দেশটির ৪৮,০০০ কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।
প্রতিনিধি পরিষদের উল্লেখিত আসনগুলোতে মোট ১,১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত মাসে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আগাম এই নির্বাচনের ডাক দেন। এই নির্বাচনকে তার সরকারের দুই বছরের শাসনের গ্রহণযোগ্যতা নির্ধারণের গণভোট বলে অভিহিত করেছেন তিনি।
তবে মূলত “অ্যাবেনোমিক্স” নামে চিহ্নিত তার অর্থনৈতিক নীতি ও বিক্রয় কর আরো ২ শতাংশ বৃদ্ধির পূর্ব ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব করার সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা যাচাইয়েই তিনি এই নির্বাচনের ডাক দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
অ্যাবে দাবী করেছেন, তার অর্থনৈতিক নীতির কারণে কয়েকটি খাত মন্দা পরিস্থিতি কাঁটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখিয়েছে। কিন্তু কয়েকটি বিরোধীদল সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান উল্লেখ করে দেশটির অর্থনীতি মন্দাকবলিত হচ্ছে বলে পাল্টা দাবী করেছেন।
“অ্যাবেনোমিক্স” ব্যর্থ হয়েছে এবং দেশের সম্পদ বৈষম্য আরো বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেছে বিরোধীদলগুলো।
নির্বাচনে অ্যাবের নেতৃত্বাধীন লিবারেল ডেমক্রেটিক পার্টি (এলডিপি) ও এর ক্ষুদ্র শরিক কোমেইতো পার্টি নিম্ন কক্ষে জোট সরকারের স্বস্তিদায়ক আধিপত্য ধরে রাখতে পারবেন বলেই আশা করছে।
অপরদিকে আরো কিছু আসন বাড়িয়ে জোট সরকারের উপর চাপ বাড়ানোর ক্ষমতা বৃদ্ধির আশা করছে বিরোধী দলগুলো।
নিম্নকক্ষ বিলুপ্ত করার আগে ৪৮০ আসনের প্রতিনিধি পরিষদের ৩২৬টি আসন ক্ষমতাসীন জোটের দখলে ছিল।
সর্বশেষ নির্বাচনী জরিপে এলডিপি সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে।
রোববার রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, তবে কিছু কিছু এলাকায় ৭টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
সোমবার সকালের মধ্যেই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা যাবে বলে আশা করছে নির্বাচনী কর্তৃপক্ষ।
