হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ
নির্বাচন অনুষ্ঠানে সরকারের কালক্ষেপণের বিরুদ্ধে সহিংস সরকার বিরোধী বিক্ষোভের মুখে পদ্যতাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী লর্যাে লামোথি।
“সাফল্যের অনুভূতি নিয়ে আমি আজকে সন্ধ্যায় প্রধামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি,” রোববার এক টেলিভিশন ভাষণে বলেছেন তিনি, জানিয়েছে বিবিসি।
বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট মিশেল মার্শেলি ও লামোথি’র পদত্যাগের দাবী জানিয়ে আসছিল।
২০১১ সালেই নির্বাচনের ডাক দেয়ার কথা ছিল প্রেসিডেন্ট মার্শেলির। কিন্তু নির্বাচনী আইন নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার মুখে নির্বাচন স্থগিত করেছিলেন তিনি।
প্রেসিডেন্ট মার্শেলি ডিগ্রি জারির মাধ্যমে দেশ শাসন করতে চাচ্ছেন এবং এভাবে আইন নিয়ন্ত্রণ করে সরকারের পক্ষে নির্বাচন প্রভাবিত করতে চাচ্ছেন বলে অভিযোগ করেছে দেশটির বিরোধীদলীয় রাজনীতিবিদরা।
অপরদিকে সরকার পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, বিরোধীদলীয় রাজনীতিবিদরা নির্বাচন পিছিয়ে দিয়ে নিজ আসনে দীর্ঘদিন আসীন থাকার চেষ্টা করছেন।
জানুয়ারিতে পার্লামেন্টের মেয়াদও ফুরিয়ে যায়, তাই নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ডিগ্রি জারি করে দেশ শাসন করতে পারবেন মার্শেলি।
সরকার বিরোধীদের প্রবল আন্দোলনের চাপে রাজনৈতিক অচলাবস্থা দূর করতে সম্প্রতি একটি কমিশন গঠন করা হয়েছে। শুক্রবার এক সুপারিশে দেশের নির্বাচন কমিশন, সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির পাশাপাশি প্রধানমন্ত্রী লামোথিকেও পদত্যাগ করতে বলেছেন কমিশন।
এর প্রেক্ষিতে মার্শেলি জানিয়েছিলেন, তিনি কমিশনের সুপারিশ গ্রহণ করেছেন এবং সুপারিশের বিষয়ে সোমবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
কিন্তু এর আগেই পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী লামোথি।
রাজনৈতিক সঙ্কট ছাড়াও ২০১০ সালে সংঘটিত এক ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তুপ থেকেও উঠে দাঁড়ানোর জন্য সংগ্রাম করছে হাইতি।
