২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজকীয় ভূমিকা থেকে ইস্তফা থাই যুবরানির

থাইল্যান্ডের যুবরাজ ভাজিরালংকর্নের স্ত্রী শ্রীরাসমি তার রাজকীয় অবস্থান থেকে পদত্যাগ করেছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 01:10 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

শুক্রবার থাইল্যান্ডের রাজকীয় প্রাসাদ থেকে দেয়া এক বিবৃতি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজ যুবরানি শ্রীরাসমির পদত্যাগের লিখিত অনুরোধ গ্রহণ করেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে যুবরাজ ভাজিরালংকর্ন স্ত্রী’র পরিবারের রাজকীয় খেতাব ব্যবহারের অধিকার কেড়ে নেয়ার জন্য থাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আদেশ পাঠিয়েছিলেন।

দুর্নীতির দায়ে শ্রীরাসমির সাত আত্মীয়কে গ্রেপ্তার করার পর যুবরাজ ওই নির্দেশ দেন।

রাজকীয় প্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, “যুবরানি শ্রীরাসমি, যুবরাজ মাহা ভাজিরালংকর্নের স্ত্রী, রাজপরিবারের সদস্যের মর্যাদা থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য সম্মান প্রদর্শনপূর্বক লিখিত অনুরোধ জানিয়েছেন, মহামান্য রাজা এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।”

২০০১ সালে ভাজিরালংকর্ন ও শ্রীরাসমি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের একটি পুত্র সন্তান আছে।

রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে এই দম্পতি এখনো একসাথে উপস্থিত হলেও তারা আলাদা বসবাস করছেন বলে জানা গেছে।

চোরাচালান ও জুয়ার আসরের মাধ্যমে শ্রীরাসমির পুলিশ জেনারেল চাচা প্রচুর সম্পদ করেছেন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এই অপরাধে জড়িত থাকার অভিযোগে শ্রীরামসির চার চাচাতো ভাইবোন ও অপর দুই আত্মীয়কেও আটক করা হয়।

ভূমিবলের পর ভাজিরালংকর্ন রাজা হলে শ্রীরাসমি থাইল্যান্ডের রানি হতেন বলে ধারণা করা হয়।