জঙ্গি ইন্ধন: লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত নারীর কারাদণ্ড
ফেইসবুকে জঙ্গিবাদী প্রচার চালানোর অভিযোগে রুনা খান নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে পাঁচ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত।
কিংস্টন ক্রাউন কোর্টের বিচারক পিটার ব্রিটস বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
যুক্তরাজ্যের লুটনের বাসিন্দা রুনা (৩৫) ছয় সন্তানের মা। তার জন্ম বাংলাদেশের সিলেটে।
রুনা এক সময় একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানে কাজ করলেও কযেক বছর আগে তার চাকরি চলে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লন্ডন প্রতিনিধি সৈয়দ নাহাস পাশা জানান।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রুনা নিজের ফেইসবুকে সুইডসাইড ভেস্টের একটি ছবি পোস্ট করেন এবং বন্ধুদের জিহাদে অংশ নিতে উৎসাহ দেন।
তিনি লেখেন, “যারা আল্লাহকে ভালোবাসে, তাদের উচিৎ স্বামী, সন্তান ও বন্ধুদের জিহাদে পাঠানো।”
বিষয়টি নজরে এলে এক পুলিশ কর্মকর্তা ছদ্ম পরিচয়ে ফেইসবুকে রুনার বন্ধু হন এবং জিহাদে যোগ দেওয়ার জন্য সিরিয়ায় যাওয়ার আগ্রহ দেখান।
ফেইসবুকের কথোপকথনে ওই পুলিশ কর্মকর্তাকে সিরিয়া যাওয়ার গোপন পথ বাতলে দেন রুনা। তিনি নিজেও পরে সিরিয়ায় যাওয়ার আগ্রহের কথা জানান।
রুনা যার কাছ থেকে সিরিয়া যাওয়ার ওই পথের সন্ধান পেয়েছিলেন, সেই মোহাম্মদ নাহিদ আহমদকেও গত সপ্তাহে কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত।
মামলা চলাকালে পুলিশের পক্ষ থেকে আদালতে দুটি ছবি দেখানো হয়, যাতে রুনার সন্তানদের আগ্নেয়াস্ত্র ও তলোয়ার হাতে দেখা যায়।
রায়ে বিচারক বলেন, “এর একটাই অর্থ হতে পারে। রুনা খান অন্যদের উগ্রবাদে টানছিলেন।”
এর আগে বিবিসি নিউজ নাইট অনুষ্ঠানে রুনা খানের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়, যাতে তিনি বলেন, “আমি আমার বিশ্বাসকেই ফেইসবুক পোস্টে তুলে ধরেছি।”
যুক্তরাজ্যকে বসবাসের জন্য সবচেয়ে ‘কম পছন্দের দেশ’ আখ্যায়িত করে তিনি বলেন, যারা তার মতাদর্শে বিশ্বাসী, তারা ব্রিটেনে কার্যত বন্দি জীবন যাপন করছে।
