সারদাকাণ্ডে এবার গ্রেপ্তার মদন মিত্র
ভারতের পশ্চিমবঙ্গে সারদা গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি জিজ্ঞাসাবাদ এড়াতে প্রায় এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন।
এনডিটিভির এক খবরে জানানো হয়, সারদা চিট ফান্ড মামলায় শুকবার মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) কর্মকর্তারা। এর পরপরই তাকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
তার বিরুদ্ধে সারদা গ্রুপের চেয়ারম্যান সুদীপ্ত সেনের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নেওয়া ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
মদন হলেন তৃণমূলের চতুর্থ প্রভাবশালী নেতা, যাকে এই কেলেঙ্কারিতে জেলে যেতে হলো। কুণাল ঘোষ, রজত মজুমদার, সঞ্জয় বসুকেও এর আগে সিবিআই গ্রেপ্তার করে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, সারদা কেলেঙ্কারির তদন্তে সিবিআই এর আগে বেশ কয়েকবার মদন মিত্রকে জিজ্ঞাবাদের জন্য ডাকে। কিন্তু তিনি জেরা থেকে ‘বাঁচতে’ হাসপাতালে ভর্তি হয়ে যান।
প্রায় এক মাস দুই হাসপাতালে কাটিয়ে বাড়ি ফেরার পর মদনকে আবারো তলব করে সিবিআই। শেষ পর্যন্ত শুক্রবার তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।
টানা পাঁচ ঘণ্টা মদন মিত্রকে জেরা করার পর অনেক প্রশ্নের ‘সদুত্তর’ না মেলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে সিবিআই কর্মকর্তারা জানান।
মদনের পাশাপাশি সুদীপ্ত সেনের আইনজীবী নরেশ ভালোটিয়াকেও শুক্রবার গ্রেপ্তার করে সিবিআই। শনিবার তাদের আদালতে হাজির করা হবে বলে ভারতীয় গণমাধ্যমের খবর।
গত বছর বাংলা নববর্ষের দিন পশ্চিমবঙ্গের তারা নিউজ, তারা মিউজিক ও সাউথ এশিয়া টেলিভিশন বন্ধ হয়ে গেলে এর মালিক প্রতিষ্ঠান সারদা গ্রুপের কেলেংকারির খবর একে একে বেরিয়ে আসতে থাকে।
জানা যায়, এই গ্রুপের এমএলএম কোম্পানি ‘সারদা সম্পদ’ অল্প সময়ে বেশি লাভের লোভ দেখিয়ে বেআইনিভাবে আমানত সংগ্রহের মাধ্যমে পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষের কাছ থেকে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছে।
এই অর্থের ভাগ পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতাও পেয়েছেন বলে অভিযোগ ওঠে।
এ নিয়ে শোরগোলের মধ্যে সারদা গ্রুপের চেয়ারম্যান সুদীপ্ত সেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে একটি চিঠি লিখে লাপাত্তা হয়ে যান, যে চিঠিতে তৃণমূলের সংসদ সদস্য কুণাল ঘোষ এবং সংবাদ প্রতিদিনের সম্পাদক সঞ্জয় বসুর নাম আসে।
পরে তদন্তে দেখা যায়, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সারদার আরেক সংস্থা সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বাজার থেকে ১ হাজার ২৫৯ কোটিরও বেশি রুপি আমানত হিসাবে তোলে এবং পরে তা স্থানান্তর করা হয় গণমাধ্যম ব্যবসায়। আর ওই কাজে সাবেক সাংবাদিক কুণাল ছিলেন সুদীপ্তর অন্যতম সঙ্গী।
ব্যাপক লোকসানের কথা বলে সারদা মিডিয়ার সবগুলো টিভি চ্যানেল ও সংবাদপত্র বন্ধের ঘোষণা দেন সুদীপ্ত সেন। পালিয়ে যাওয়ার পর কাশ্মিরে তিনি গ্রেপ্তার হন।
গত জুলাই মাসে আদালতে হাজির করা হলে কুণাল ঘোষ বিচারকের সামনে সরাসরিই দাবি তোলেন, তাকে সারদা প্রধান সুদীপ্ত সেনের মুখোমুখি করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হোক।
মদন মিত্র গ্রেপ্তার হওয়ার পর আনন্দবাজার লিখেছে, “ধীরে ধীরে মাথার দিকে এগিয়ে চলেছে সিবিআই।”
