২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দিদের যেভাবে নির্যাতন করতো সিআইএ

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ভয়াবহ বন্দি নির্যাতনের কিছু কিছু ঘটনা জানা সম্ভব হয়েছে। কিন্তু প্রকৃত ভয়ঙ্করচিত্র হয়তো কোনদিনই জানা সম্ভব হবে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 03:47 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলার পর মার্কিন এই সংস্থাটি জিজ্ঞাসাবাদ ও আটক কর্মসূচি ভয়ানক রূপ নেয়। আর তারই কিছু কিছু প্রকাশিত মার্কিন সিনেট প্রতিবেদনে উঠে আসে।

মঙ্গলবার সিনেট গোয়েন্দা কমিটি সিআইএ’র বন্দি নির্যাতন নিয়ে ৪৮০ পাতার প্রতিবেদন প্রকাশ করে। এতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা পরবর্তী সময়ে জঙ্গি সন্দেহে আটক ব্যক্তিদের জেরা করতে গিয়ে গোয়েন্দা সংস্থাটি কি ধরণের ‘নিষ্ঠুর নির্যাতন’ চালিয়েছে তার বর্ণনা দেয়া হয়।

সিনেটের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, যেসব বন্দিদের এভাবে নির্যাতন করা হয়েছে তাদের অনেকের শরীরে স্থায়ী ক্ষতি হয়ে গেছে। অনেকেই দীর্ঘস্থায়ী অশ্বরোগে ভুগছেন।

বন্দি নির্যাতনের ওই চিত্র কল্পনাকেও হার মানায়। তারই কিছু কিছু দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অবলম্বনে পাঠকের জন্য তুলে ধরা হল। মানুষকে নির্যাতনের বিভিন্ন পন্থা সিআইএ পরিচালিত বন্দিশিবিরগুলোতে চালানো হতো। বন্দিদের ভাঙ্গা পায়ের ওপর ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হতো। তাদের রাখা হতো পুরোপুরি অন্ধকারে। ঘুমাতে দেয়া হতো না ১৮০ ঘণ্টারও বেশি সময়। কখনো কখনো তাদের হাত মাথার ওপর শেকল দিয়ে বেঁধে রাখা হতো। ঠাণ্ডা মেঝেতে নগ্ন করে বসিয়ে রাখা হতো। গালিগালাজ করা হতো অশ্রাব্য ভাষায়। কখনো কখনো বন্দিদের মলদ্বার দিয়ে জোর করে খাবার প্রবেশ করানো হতো। এ সময় তাদের ওপর প্রয়োগ করা হতো প্রচন্ড চাপ। শারীরিক নির্যাতনের পাশাপাশি বন্দিদের মানসিক নির্যাতনও করা হতো। ‘লটারিতে যার নাম উঠবে তাকে মেরে ফেলা হবে’ বলে বন্দিদের ভয় দেখানো হতো। একজন বন্দিকে তার মায়ের জিহ্বা চিরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়েছিল। অন্যজনকে যৌন নির্যাতন করা হয়, এমনকি বন্দিদের সন্তানদেরও হুমকি দেয়া হতো। কংক্রিটের ঠাণ্ডা মেঝেতে এক ব্যক্তিকে নগ্ন অবস্থায় জোর করে দীর্ঘসময় বসিয়ে রাখা হলে ওই ব্যক্তি হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। ২০০২ সালের এপ্রিলে সিআইএ বন্দিদের রাখার জন্য গোপন একটি কারাগার নির্মাণ করে যেটাকে ‘ডিটেনশন সাইট কোবাল্ট’ নামে ডাকা হতো। ওই কারাগারটি ঠিক কোথায় ছিলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিআইএ’র ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ওই কারাগারটিকে ‘একটি ড্রাগন’ বলে বর্ণনা করেন। ওই কারাগারে ২০টি কক্ষ ছিলো যেগুলোতে কোন জানালা ছিলো না। বন্দিদের পুরোপুরি অন্ধকারে রাখা হতো। ঘন অন্ধকারে একাকী বন্দিকে দীর্ঘ সময় ধরে শেকল দিয়ে হাত মাথার ওপর বেঁধে এবং প্রচণ্ড জোরে গান ছেড়ে রাখা হতো। মলমূত্র ত্যাগ করার জন্য ওই কক্ষে একটি ঝুড়ি ছাড়া আর কিছু রাখা হতো না। কক্ষটি খুব ঠাণ্ডা থাকতো। প্রতিবেদনে বলা হয়, এভাবে নির্যাতন করার সময় বন্দিদের মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। দীর্ঘ সময় ধরে বন্দিদের নগ্ন করে চারিদিকে হাঁটতে বাধ্য করা হতো। অনেক সময় তাদের মাথার ওপর হাত তুলে থাকতে হতো। সন্দেহভাজন ইসলামপন্থি জঙ্গি হিসেবে ২০০২ সালে গুল রহমান নামে এক ব্যক্তিকে কোবাল্টে জেরা করা হয়। তাকে ৪৮ ঘণ্টা ঘুমাতে দেয়া হয়নি, প্রচণ্ড জোরে শব্দ শোনানো হয়, পুরোপুরি অন্ধকারে রাখা হয়, ভীষণ ঠাণ্ডা পানিতে গোসল করানো হয় এবং হেনস্তা করা হয়। নির্যাতনের এক পর্যায়ে গুল রহমান মারা যান। তার মৃত্যুর কারণ হাইপোথারমিয়া। সিআইএ’র জেরার ধরন নিয়ে হোয়াইট হাউজ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) এবং অন্যরা প্রচুর ভুল ও অসম্পূর্ণ তথ্য দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। আর ২০০৬ সালের এপ্রিলের আগ পর্যন্ত সিআইএ’র কোন কর্মকর্তা তাদের এই নিষ্ঠুর জেরা প্রক্রিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কিছু জানাননি। এমনকি হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরাও সিআইএ’র নির্যাতনের ব্যাপারে ২০০৩ সালের সেপ্টেম্বরের আগে কিছু জানতে পারেনি। সিনেটের প্রতিবেদনে এ সংক্রান্ত একটি ই-মেইলের উল্লেখ করা হয়। ২০০৩ সালের জুলাইয়ে হোয়াইট হাউজ থেকে ওই মেইলটি পাঠানো হয়। যেখানে বলা হয়, “হোয়াইট হাউজ খুবই উদ্বিগ্ন। কারণ কি চলছে (সিআইএ’র নির্যাতনের ব্যাপারে) সেটা যদি পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল জানতে পারেন তবে তিনি খুবই রাগান্বিত হবেন।” এত কিছুর পরও সিআইএ তদের নিষ্ঠুর নির্যাতনের ব্যাপারে সম্পূর্ণ তথ্য এখনো জানায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমনকি কতজনকে তারা জেরা করেছিলো সেই সংখ্যাটিও তারা সঠিকভাবে জানায়নি।