যুক্তরাষ্ট্রে সরকারি খরচ চালাতে শেষ মুহূর্তে বাজেট অনুমোদন
যুক্তরাষ্ট্রের সরকারি খরচ চালাতে একেবারে শেষ মুহূর্তে এসে ১.১ ট্রিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করেছে দেশটির প্রতিনিধি পরিষদ।
বলা হচ্ছে, বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যে এই বাজেট অনুমোদন না হলে বহু জরুরি সেবা ও সরকারি কর্মকাণ্ড টাকার অভাবে বন্ধ হয়ে যেত।
সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টির আনা এই প্রস্তাব শুরুতে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির বিরোধিতার মুখে পড়লেও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ওবামার হস্তক্ষেপে সামান্য ব্যবধানে তা পাস হয়।
ওবামা ডেমোক্রেটদের এই বিলে সমর্থন দেওয়ার আহ্বান জানালে ২১৯-২০৬ ব্যবধানে প্রস্তাবটি অনুমোদন করে কংগ্রেস।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওই ১.১ ট্রিলিয়ন ডলারে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকার সরকারি খরচের বেশিরভাগটাই মেটানো যাবে। তবে কিছু খাত কেবল জরুরি তহবিল পাবে।
বিলটি পাস হওয়ার পর প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার ছিলেন দৃশ্যত ভারমুক্ত।
প্রতিনিধি পরিষদের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “সবাইকে ধন্যবাদ এবং বড়দিনের শুভেচ্ছা।”
ওবামার আহ্বানে সাড়া দিয়ে ডেমোক্রেটিক পার্টির ৫৭ জন সদস্য রিপাবলিকানদের বিলে সমর্থন দিলেও অনেকের ক্ষোভ প্রকাশ করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।
প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলের নেতা ন্যান্সি পেলোসি স্পষ্টই বলেছেন, প্রেসিডেন্টের অবস্থানে তিনি যার পর নাই হতাশ।
ওবামার যুক্তি ছিল, এবার এই বিল যদি পাস করা না হয়, তাহলে আগামী বছর রিবাবলিকানদের আরো তিক্ত প্রস্তাবের মুখোমুখি হতে হবে ডেমোক্রেটদের, কেননা তখন মার্কিন পার্লামেন্টের দুই কক্ষই বিরোধী দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকবে।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ প্রতিনিধি পরিষদে শক্ত অবস্থানে থাকা রিপাবলিকান পার্টি গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে উচ্চ কক্ষ সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে।
নতুন এই কংগ্রেস আগামী বছরের শুরুত্বেই দায়িত্ব নেবে। ফলে প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদের শেষ দুই বছরে লাগাম থাকবে কার্যত বিরোধীদের হাতে।
রিপাবলিকানরা ওবামার অভিবাসন নীতির বিরোধিতা করে আসায় এই বিলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত চালানোর মতো বরাদ্দ রাখা হয়েছে।
রিপাবলিকানরা আশা করছে নতুন কংগ্রেস জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তারা ওবামাকে অভিবাসন ব্যবস্থা সংস্কারের উদ্যোগ থেকে পিছু হঠতে বাধ্য করতে পারবে।
