চীনে উধাও শতাধিক ভিয়েতনামী নববধূ
চীনের পুলিশ ১শ’রও বেশি ভিয়েতনামী নববধূকে খুঁজছে। ঘটকের মাধ্যমে চীনের হেবেই প্রদেশের প্রত্যন্ত গ্রাম হানদানের যুবকদের সম্প্রতি বিয়ে করেছিলেন ওইসব নারী। কিন্তু নভেম্বরের শেষ দিকে হঠাৎ করেই তারা উধাও হয়ে যায়।
বিবিসি জানিয়েছে, চীনে বাস করা ভিয়েতনামী এক নারী ঘটক যিনি এসব বিয়ের ব্যবস্থা করেছিলেন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই গণ নিখোঁজের ঘটনার সঙ্গে ‘সংঘবদ্ধ চক্র’ জড়িত বলে ধারণা করছে পুলিশ।বিয়ের জন্য চীনা যুবকদের কাছ থেকে পাওয়া হাজার হাজার ইউয়ান নিয়ে ঘটক উধাও হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চীন সরকারের কঠোর এক সন্তান নীতির কারণে দেশটিতে লিঙ্গ বৈষম্য প্রকট। দম্পতিরা ছেলে সন্তান বেশি পছন্দ করায় দেশটিতে নারী-পুরুষের অনুপাতে বিস্তর ফারাক।
এতে অপেক্ষাকৃত দরিদ্র ব্যক্তিরা বিয়ের জন্য কনে খুঁজে পান না। যে কারণে তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের নারীদের বিয়ে করেন। এই বিয়ের ব্যবস্থা করার জন্য তাদের ঘটককে হাজার হাজার ইউয়ান দিতে হয়। একই কারণে মানব পাচারের ঘটনাও ঘটে।
হেবেই এর ঘটনার সঙ্গে জড়িত ঘটক উইউ মেইইউ ২০ বছরের বেশি সময় ধরে চীনে বসবাস করছেন।
এ বছর শুরুর দিকে তিনি গ্রাহকের খোঁজে হেবেই এর গ্রামাঞ্চলে যান এবং ভিয়েতনাম থেকে কনে যোগাড় করে দেয়ার বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে এক লাখ ১৫ হাজার ইউয়ান (১৮ হাজার ৬শ মার্কিন ডলার) ফি নেন।
২০ নভেম্বর ভিয়েতনামের ওই নারীরা তাদের স্বামীদের বলেন, তারা ভিয়েতনামের অন্যান্য কনেদের সঙ্গে একসাথে খাবার খেতে যাবেন। তারপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ওই সব নারীর স্বামীরা স্ত্রীর খোঁজে ঘটকের বাড়িতে গেলে তাকেও পাওয়া যায়নি। কয়েক দিন আগেই তিনি বাড়ি থেকে চলে গেছেন।
নিখোঁজ হওয়া বউদের মধ্যে একজন হঠাৎ করে ফিরে আসেন। তার দাবি ভোজের খাবার খাওয়ার পর তিনি ‘জ্ঞান হারিয়ে’ ফেলেন। যখন জ্ঞান ফেরে তখন দেখেন তিনি বহু দূরের এক গ্রামে ছোট্ট বাড়িতে রয়েছেন। সেখানে তাকে বলা হয় ‘অন্য এক জায়গায় অন্য একজন স্বামীর খোঁজে যেতে’।
এরপর তিনি ওই বাড়ি থেকে পালিয়ে এ ঘটনা পুলিশকে জানানোর জন্য তার স্বামীর গ্রামে ফিরে আসেন।
