২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ মিথ্যা বলেনি, দাবি সাবেক কর্মকর্তাদের

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ ৯/১১ সন্ত্রাসী হামলা পরবর্তী সময়ে বন্দি জিজ্ঞাসাবাদ কর্মসূচির কার্যকারিতা নিয়ে মিথ্যাচার করেনি বলেই দাবি করেছেন গোয়েন্দা সংস্থাটির সাবেক কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 10:44 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

জিজ্ঞাসাবাদ কর্মসূচির নিষ্ঠুরতা নিয়ে মার্কিন সিনেট গোয়েন্দা কমিটির প্রকাশিত প্রতিবেদনটি এক পাক্ষিক ও ত্রুটিপূর্ণ বলেও মন্তব্য করেছেন তারা।

বুধবার ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ সিআইএ’র সাবেক পরিচালক জর্জ টেনেট, পোর্টার গস ও মিশেল হেইডেন এবং তিন সাবেক উপ-পরিচালকের কলাম প্রকাশ করেছে।

সেখানে তারা লেখেন, “একপাক্ষিক গবেষণার ভিত্তিতে কমিটি এমন একটি প্রতিবেদন দিয়েছে যেখানে বন্দি জিজ্ঞাসাবাদ সংক্রান্ত বিষয় নিয়ে ভুলে ভরা ব্যাখ্যা দেয়া হয়েছে। নিশ্চিতভাবেই কাজটি খুব অবজ্ঞার সঙ্গে করার পাশাপাশি একপাক্ষিকভাবে সিআইএ’র ওপর দোষ চাপানো হয়েছে। ৯/১১ হামলার পর নাগরিকদের সুরক্ষার জন্য সিআইএ যথাসাধ্য চেষ্টা করেছে।”

মঙ্গলবার সিনেট গোয়েন্দা কমিটি সিআইএ’র বন্দি নির্যাতন নিয়ে ৪৮০ পাতার প্রতিবেদন প্রকাশ করে। এতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা পরবর্তী সময়ে জঙ্গি সন্দেহে আটক ব্যক্তিদের জেরা করতে গিয়ে গোয়েন্দা সংস্থাটির ‘নিষ্ঠুর নির্যাতন’ চালানোর কথা বলা হয়েছে।

সে সময়ে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অনুমতিতে জিজ্ঞাসাবাদকালে এসব অত্যাচার চলত। কিন্তু তারপরও সিআইএ জঙ্গিদের হুমকি মোকাবেলায় কার্যকর তথ্য আদায়ে ব্যর্থ হয়েছে এবং মিথ্যা তথ্য দিয়ে মার্কিন নাগরিকদের বিভ্রান্ত করে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কিন্তু সাবেক সিআইএ কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদ কার্যক্রমের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া না গেলে যুক্তরাষ্ট্র কখনই আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করে হত্যা করতে পারত না।

২০১১ সালে পাকিস্তানে আত্মগোপন করে থাকা লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী। আল-কায়দার উচ্চ পর্যায়ের নেতাদের আটক করে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নেয়ার যে পন্থা সিআইএ অনুসরণ করেছিল তা জঙ্গি সংগঠনটির হামলার হাত থেকে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে বলে দাবি ওই কর্মকর্তাদের।

হোয়াইট হাউজ, বিচার বিভাগ, কংগ্রেস ও জনগণের কাছে সিআইএ তাদের কাজ নিয়ে মিথ্যাচার করেছে বলে প্রতিবেদনে যে কথা বলা হয়েছে তা ‘পুরোপুরি ভুল’ বলে মন্তব্য করেন সংস্থাটির সাবেক এ কর্মকর্তারা।

তারা বলেন, সিআইএ হোয়াইট হাউজ ও বিচার বিভাগের কাছে জিজ্ঞাসা করে এবং তাদের কাছ থেকে অনুমতি নিয়েই কাজ করেছে এবং নিজেদের কাজের ব্যাপারে কংগ্রেসকে নিয়মিত তথ্য দিয়ে গেছে।

তবে ৯/১১ হামলার পরপর পরিস্থিতি খুবই বিশৃঙ্খল থাকার ওই সময়টিতে সিআইএ সবকিছুই যে খুব নির্ভুল এবং ঠিকঠাক ভাবে করেছে এমনটিও দাবি করার উপায় নেই বলে স্বীকার করেছেন কর্মকর্তারা।

তারা লেখেন, “সব যুদ্ধেই আমাদের এমন কিছু কাজ করতে হয়েছে যা নিশ্চিতভাবেই না করা উচিত ছিল। যখেনই আমরা ওই সব কাজের ব্যাপারে জানতে পেরেছি, সঙ্গে সঙ্গে সেটা সিআইএ’র মহাপরিদর্শক বা বিচার বিভাগকে জানানো হয়েছে এবং এ ব্যাপারে সঠিক দিক নির্দেশনা দেয়ার কথা বলা হয়েছে।”

তদন্ত চলাকালে তাদের কারো সাক্ষাৎকার না নেয়ায় সিনেট গোয়েন্দা কমিটির সমালোচনা করেছেন সাবেক গোয়েন্দা কর্মকর্তারা।

পুরনো খবর:

সিআইএ প্রতিবেদন: দায়ীদের বিচার দাবি জাতিসংঘের