২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে স্বেচ্ছামৃত্যুর অধিকার নিয়ে বিতর্ক

জীবনের শেষ দিনগুলো কেমন যাবে তা নিয়ে মানুষের মনে অজানা আতঙ্ক থাকে৷ কেউ বিছানায় পড়ে ধুকে ধুকে মরতে চায় না৷ পরোমুখাপেক্ষী হতে চায় না৷ কিন্তু মানুষের ইচ্ছা মত সব কিছু হয় না৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রতিবেদন: রায়হানা বেগম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 05:53 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

তাই পাশ্চাত্যের অনেক দেশে মরণাপন্ন রোগীর স্বেচ্ছামৃত্যুর অধিকার নিয়ে চিন্তাভাবনা চলছে৷ অনেক দেশে চিকিৎসকের সাহায্যে মৃত্যুবরণকে বৈধতা দেওয়া হয়েছে ৷ যেমন নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে স্বেচ্ছামৃত্যু বৈধ৷

কঠিন অসুখে আক্রান্ত যন্ত্রণাকাতর অনেক রোগী মৃত্যুকেই মুক্তি বলে মনে করেন৷ কৃত্রিম শ্বাসযন্ত্রে আবদ্ধ হতে কিংবা কৃত্রিম উপায়ে খাবার খেতে চান না তারা৷

আগ্রহীদের সমাগম সুইজারল্যান্ডে
স্বেচ্ছামৃত্যুর সহায়তা পেতে সুইজারল্যান্ডে রীতিমতো ‘সুইসাইড টুরিজম’ গড়ে উঠেছে৷ একারণে বিভিন্ন দেশ থেকে আগ্রহী ব্যক্তিরা দেশটিতে যাচ্ছেন ৷

কেবলমাত্র ২০১২ সালেই নানা দেশ থেকে ১৭২ জন স্বেচ্ছামৃত্যুর সুযোগ নিতে সুইজারল্যান্ডে গিয়েছিলেন ৷ দেশটির আইন এক্ষেত্রে স্পষ্ট নয় ৷ আত্মহত্যায় প্রত্যক্ষভাবে সহায়তা করা অনুমোদিত নয় ৷ তবে নিঃস্বার্থভাবে শুধু রোগীর যন্ত্রণা লাঘবের জন্য আত্মহননে সাহায্য করা শাস্তিযোগ্য অপরাধ নয় ৷

চিকিৎসক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীকে প্রাণঘাতী ওষুধ জোগাড় করে দিতে পারেন, কিন্তু ওষুধটি খেতে হবে রোগীর নিজেকেই৷ এক্সিট ও ডিগনিটাস-এর মতো বেশ কিছু প্রতিষ্ঠান স্বেচ্ছামৃত্যুর ব্যাপারে রোগীকে সহযোগিতা করে থাকে৷ রোগীর যাতায়াত ও বাসস্থানের ব্যবস্থা করা, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা ইত্যাদির দায়িত্ব নেয় তারা৷ অবশ্যই অর্থের বিনিময়ে৷

জার্মানির আইন-কানুন

জার্মানির আইনানুযায়ী রোগীর ইচ্ছানুযায়ী চিকিৎসকরা পরোক্ষ মৃত্যুতে সহায়তা করতে পারেন, যেমন যন্ত্রণানাশক ওষুধের ডোজ বাড়িয়ে দিয়ে, যার পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু ত্বরান্বিত হয়৷ এটা কোনো শাস্তি যোগ্য অপরাধ নয় ৷

মরণাপন্ন রোগীর জীবন প্রলম্বিত করার প্রক্রিয়া বন্ধ করে পরোক্ষ মৃত্যুতে সহায়তা করাও অনুমোদিত৷ যেমন কৃত্রিম শ্বাসপ্রশ্বাস কিংবা খাদ্য সরবরাহের যন্ত্র বন্ধ করে৷ অবশ্য এব্যাপারে স্পষ্টভাবে রোগীর উইল বা রোগীর আত্মীয়-স্বজনের সম্মতি থাকতে হবে৷

কিন্তু অন্যান্য কয়েকটি দেশের মতো রোগীর অনুরোধে ওষুধ বা ইঞ্জেকশন দিয়ে মৃত্যুর পথে ঠেলে দেওয়া যায় না জার্মানিতে ৷ অর্থাৎ, রোগীর ইচ্ছানুযায়ী হলেও তাকে হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ৷ এতে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ৷ বিষয়টি আইনত স্পষ্ট নয়৷ বলা যায় কিছুটা স্ববিরোধীও৷

স্বজনরা রোগীকে ওভার ডোজের ঘুমের ওষুধ এগিয়ে দিতে পারেন৷ কিন্ত রোগী এই ওষুধ খেয়ে অচেতন হয় পড়লে তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে সর্বাত্মকভাবে৷ সাথে সাথে ডাক্তার ডেকে আনতে হবে৷ রোগীকে বাঁচানোর চেষ্টা না করা হবে শাস্তিযোগ্য অপরাধ৷ সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে৷

ব্রিটানির স্বেচ্ছামৃত্যু সাড়া জাগিয়েছে বিশ্বব্যাপী

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মরণাপন্ন এক তরুণীর স্বেচ্ছায় মৃত্যুর ঘটনা বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে এসেছে ৷ ব্রিটানি মেনার্ডের বয়স ছিল মাত্র ২৯ বছর৷ কয়েক মাস আগে চিকিৎসকরা তাঁর মস্তিষ্কে মারাত্মক ও আক্রমণাত্মক এক টিউমার শনাক্ত করেন,যা শিগগিরই তাঁকে মৃত্যুর দিকে নিয়ে যাবে বলে জানান তারা৷

অসম্ভব যন্ত্রণার কবলে পড়তে পারেন তিনি সেই সাথে মানসিক ও শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলার সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাস দেন চিকিৎসকরা।

ব্রিটানি এই যন্ত্রণা ভোগ করতে চাননি৷ পরিবার পরিজন নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে অরিগন রাজ্যে চলে যান৷ এটি অ্যামেরিকার পাঁচটি অঙ্গরাজ্যের মধ্যে একটি, যেখানে চিকিৎসকের সহায়তায় স্বেচ্ছামৃত্যু অনুমোদিত৷

অসংখ্য ক্লিক পাওয়া শেষ ভিডিও বার্তায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে তাঁর শেষ ইচ্ছা জানান এই তরুণী৷ আর তা হল: ‘সম্মানের সাথে মৃত্যু বরণ করা’৷ অবশেষে গত ২ নভেম্বর চলে যান তিনি না ফেরার দেশে৷

বিশ্বব্যাপী সাড়া ও সহানুভূতি জাগায় তাঁর এই স্বেচ্ছামৃত্যু৷ জার্মানির মানুষের মন ছুঁয়ে যায় এই ঘটনা৷ এক সমীক্ষায় জানা গেছে, দুরারোগ্য ও যন্ত্রণাদায়ক ব্যাধি হলে ‘মার্সি কিলিং’ বা স্বেচ্ছামৃত্যুর পক্ষপাতী অধিকাংশ জার্মান ৷ অনেকের মতে মানুষের মর্যাদার সঙ্গে মর্যাদাপূর্ণ মৃত্যুর প্রশ্নটিও জড়িত৷

জার্মানির রাজনৈতিক অঙ্গনেও স্বেচ্ছামৃত্যু নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক জোরালো হচ্ছে৷ প্রশ্ন উঠেছে কঠিন রোগাক্রান্ত রোগীর আত্মহননে কতটা সহায়তা করা উচিত?

সংশ্লিষ্ট রাজনীতিবিদরা একমত হয়েছেন যে, বিষয়টিকে বাণিজ্যিকীকরণ করা চলবে না ৷ অর্থাৎ বিভিন্ন সংগঠন যেন বিষয়টি নিয়ে ব্যবসা করতে না পারে৷ আত্মহত্যায় উদ্বুদ্ধ করতে জোরেসোরে প্রচারণা না করে ৷

রাজনীতিবিদরা মনে করেন, মরণাপন্ন রোগীর চরম দুঃসময়ে তার পাশে দাঁড়াতে হবে চিকিৎসকদের ৷ লক্ষ্য রাখতে হবে ভুক্তভোগী যেন দিশাহারা হয়ে আত্মহত্যায় সহায়তাকারী কোনো সংগঠনের হাতে পড়ে না যান কিংবা নিজেই আত্মবিসর্জনের পথ বেছে না নেন৷ আস্থাভাজন কোনো চিকিৎসকের শরণাপন্ন হওয়ার সুযোগ থাকতে হবে রোগীর৷

২০১৫ সালে স্বেচ্ছামৃত্যুর ব্যাপারে আইন কানুন সংস্কার করার পরিকল্পনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সাংসদরা ঐক্যমতে পৌঁছাতে পারেননি৷

কষ্ট লাঘবের জন্য মৃত্যু ত্বরান্বিত না করে প্যালিয়াটিভ চিকিৎসার প্রসঙ্গটিও উঠে আসছে এক্ষেত্রে৷ প্যালিয়াটিভ শব্দটি এসেছে ল্যাটিন পালিউম থেকে৷ অর্থ ‘কোট’ বা ‘আবরণ’৷ মরণাপন্ন রোগীদের একটুখানি স্বস্তির প্রলেপ দিয়ে ঢেকে রাখাই প্যালিয়াটিভ চিকিৎসার লক্ষ্য৷

জার্মানিসহ ইউরোপের বহু হাসপাতালেই রয়েছে প্যালিয়াটিভ চিকিৎসা বিভাগ, গড়ে উঠেছে হসপিসের মতো প্রতিষ্ঠান৷ যেখানে শেষ দিনগুলিতে রোগীর মানসিক ও শারীরিক যন্ত্রণা লাঘবের চেষ্টা করা হয়৷ দেয়া হয় বিশেষ সেবা শুশ্রূষা৷

রাজনীতিবিদ, গির্জার প্রতিনিধি ও চিকিৎসকদের অনেকেই মনে করেন চিকিৎসকের দায়িত্ব হলো জীবন রক্ষার চেষ্টা করা, নাশ করা নয়৷