২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে দ্বিতীয় জিম্মির কথা জানত না যুক্তরাষ্ট্র

ইয়েমেনে আল কায়েদার হাতে বন্দি ফটোসাংবাদিক লুক সমারসকে উদ্ধারের চেষ্টা চালানো যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী তার সঙ্গে আরেক বন্দি পিয়েরে করকির কথা জানত না। পিয়েরের মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রের অভিযানকে দায়ী করেছে দাতব্য সংস্থা ‘গিফটস অব দ্য গিভারস’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 07:02 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

লুক সমারসের সঙ্গে পিয়েরে করকিরও আল-কায়দার হাতে বন্দি থাকা সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কাছে কোন তথ্য ছিল না। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বিবিসি’কে একথা জানিয়েছেন।

ফটোসাংবাদিক সমারসকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানের সময় গুলিবিদ্ধ হন সমারস ও করকি। মুহূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়ার পথে হেলিকপ্টারে করকি এবং হাসপাতালে সমারস মারা যান।

অভিযানের সময় প্রায় ৩০ মিনিট ধরে বন্দুক যুদ্ধ চলে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর দাবি তাদের গুলিতে দুই বন্দি আহত হননি। অভিযানের সময় জঙ্গিরা তাদেরকে গুলি করেছে।

‘গিফটস অব দ্য গিভারস’ এর সঙ্গে কাজ করতেন দক্ষিণ আফ্রিকার শিক্ষক করকি। সংস্থাটির দাবি রোববার করকিকে ছেড়ে দেয়ার কথা ছিল।

সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে বলা হয়, “যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান সব কিছু ধ্বংস করে দিয়েছে।”

ইয়েমেনে দাতব্য সংস্থাটির প্রকল্প পরিচালক অ্যানস হামাতি বিবিসি’কে বলেন, “হার্নিয়ার কারণে পিয়েরে করকি খুবই অসুস্থ ছিলেন। তাকে ছাড়িয়ে আনার জন্য মধ্যস্থতাকারীরা চেষ্টা করছিলেন। তার পাসপোর্টও তৈরি ছিল। সবকিছু একদম ঠিকঠাক ছিল।”

“ঠিক ওই সময় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ইয়েমেনে হামলা চালায় এবং সবকিছু ধ্বংস করে দেয়।”

গত বছর মে মাসে ইয়েমেনের শহর তাইজ থেকে করকি ও তার স্ত্রী ইয়োল্যান্ডকে অপরহণ করা হয়েছিল।

১০ জানুয়ারি কোন রকম মুক্তিপণ ছাড়াই ইয়োল্যান্ডকে ছেড়ে দেয়া হয় এবং তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে যান।

হামাতি বলেন, “পিয়েরেকে একদিন পরই ছেড়ে দেয়ার কথা ছিল, এ খবর পাওয়ার পর ইয়োল্যান্ড ও তার পরিবার একদম ভেঙে পড়বে।”

ওদিকে, যুক্তরাষ্ট্র তাদের অভিযান চালানর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছে, সমারসের জীবন মারাত্মক হুমকির মুখে এমন ধারণা থেকেই তারা দক্ষিণ ইয়েমেনে অভিযান চালিয়েছে।

কিন্তু তাদের অভিযান ব্যর্থ হওয়ায় চড়া মূল্য দিতে হল দুই বন্দিকে।
দুই বন্দির মারা যাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে একে ‘নির্মম খুন’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।