২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে চীনের সাবেক প্রভাবশালী নেতা গ্রেপ্তার

বড় অংকের ঘুষ গ্রহণের অভিযোগে চীনের অন্যতম জ্যেষ্ঠ এক সাবেক নেতাকে দেশটির কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 02:05 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থার বরাতে বিবিসি বলছে, ঝু ইয়ংক্যাং-কে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করে তুলে দেয়া হয়েছে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের হাতে।

দেশটিতে ২০১২ সাল পর্যন্ত সবচেয়ে আতংক সৃষ্টিকারীদের একজন হিসেবে ছিলেন ঝু ইয়ংক্যাং।

২০১২ সালে অবসর নেয়ার আগে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে ছিলেন ঝু ইয়ংক্যাং। তিনি চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বে স্থান করে নিয়েছিলেন।

ঝু ইয়ংক্যাং-এর পাশাপাশি তার বেশ কয়েকজন ঘনিষ্ট সহচর এবং পরিবারের সদস্যরা এরই মাঝে বিভিন্ন দুর্নীতির মামলায় তদন্তের মুখে রয়েছেন।

ঝু ইয়ংক্যাং-এর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ছাড়াও নিজের রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি এবং দেশের স্পর্শকাতর গোপন তথ্য ফাঁস, দলীয় শৃংখলা ভঙ্গ এবং কয়েকজন নারীর সঙ্গে আইন-বহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের আনুষ্ঠানিক তদন্তও শুরু করা হয়েছে।

অবশ্য বিশ্লেষকদের অভিমত, ঝু ইয়ংক্যাং-এর বিরুদ্ধে এই পদক্ষেপ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-কে ক্ষমতায় থাকতে শক্ত অবস্থার তৈরির পাশাপাশি শি প্রস্তাবিত সংস্কারের বিরোধীদের হঠিয়ে দেয়ার পথ সুগম করতে সহায়তা করবে।

পাশাপাশি পার্টির ভাবমূর্তি উন্নয়নেও ভূমিকা রাখবে এই পদক্ষেপ।