বিমান হামলায় আইএস দুর্বল হয়েছে: কেরি
ইরাক এবং সিরিয়ায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চালানো প্রায় ১ হাজার বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অনেক ক্ষয়ক্ষতি হয়ে দলটি দুর্বল হয়ে পড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একথা বলেছেন।
তবে আইএস এর বিরুদ্ধে এখনো বছরের পর বছর লড়াই চালিয়ে যেতে হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
ব্রাসেলসের নেটো সদরদপ্তরে কোয়ালিশন বাহিনীর কর্মকর্তাদের এক বৈঠকে কেরি বলেন, “আমাদের প্রতিশ্রুতি পূরণের বিষয়টি হিসাব করতে গেলে বছরের পর বছর লেগে যেতে পারে। কিন্তু আমাদের চেষ্টায় এরই মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে”।
আইএস এর ওপর মোটামুটি ১ হাজার বারের বিমান হামলায় তাদের নেতৃত্ব দুর্বল হয়ে পড়ার পাশাপাশি অভিযান চালানোর ক্ষমতাও কমেছে বলে জানান কেরি।
তিনি বলেন, ইরাকে আইএস এর শক্তি কমেছে এবং ইরাকি বাহিনী মসুল ও তিকরিতের চারপাশের এলাকা পুনর্দখল করেছে। তাছাড়া, কয়েকটি তেল শোধনাগারের আশেপাশেও নিরাপত্তা বাড়িয়েছে।
ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে কুর্দি সেনারা আইএস এর বিরুদ্ধে লড়ছে। সুন্নি আদিবাসী যোদ্ধারাও এ লড়াইয়ে সামিল হতে শুরু করেছে।
কেরি বলেন, সিরিয়ায় আইএস এর কমান্ড কেন্দ্রগুলো ধ্বংস করা হয়েছে। তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোবানি শহরের দখলও প্রতিহত করা হয়েছে।
