২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ১৮৮ জনের মৃত্যুদণ্ড

মিশরে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের ১৮৮ জন কর্মী-সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 01:56 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

২০১৩ সালের ১৪ অগাস্ট কায়রোর কাছাকাছি কেরদাসা গ্রামে পুলিশের একটি থানায় আক্রমণ চালানোর ঘটনায় আদালত এই দণ্ড ঘোষণা করেছে বলে বিবিসি জানিয়েছে।

ওই হামলায় অন্ততপক্ষে ১১ জন পুলিশ সদস্য নিহত হন।

রাজধানীতে শিবির স্থাপন করে ব্রাদারহুড সমর্থকেরা আন্দোলন চালিয়ে আসছিল। নিরাপত্তা বাহিনী ওই শিবির উচ্ছেদ করতে গিয়ে সংঘর্ষে জড়ায়। এই ঘটনায় শত শত মানুষ নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সেই একই দিনে কায়রোর কাছাকাছি ওই থানাটিতে হামলা চালিয়েছিল ব্রাদারহুডের বিক্ষুদ্ধ সমর্থকেরা।

তবে আদালত ব্রাদারহুডের শত শত কর্মী-সমর্থককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেও এখনো পর্যন্ত কারো দণ্ড কার্যকর করা হয়নি বলে বিবিসি জানিয়েছে।

সাম্প্রতিক দণ্ডিত ১৮৮ জনের মধ্যে ১৪০ জন পুলিশি হেফাজতে থাকলেও বাকিদের অবর্তমানেই রায় ঘোষণা করা হয়।

এরআগে একই দিনে মিনায়ায় পুলিশের একটি থানায় হামলার ঘটনায় ৫০০ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল আদালত।

গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশটির একনায়ক হোসনি মুবারককে হঠানোর পর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহামেদ মুরসি।

কিন্তু ২০১৩ সালের জুলাইয়ে সেনা অভ্যুত্থান ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে কারাগারে আটক রয়েছেন মুরসি।

মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মিশরজুড়ে ব্রাদারহুডের কর্মী-সমর্থকেরা প্রবল বিক্ষোভ-আন্দোলন শুরু করে। যার জেরে অসংখ্য হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটে। সেনানিয়ন্ত্রিত প্রশাসন কঠোরহস্তে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।