২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল-শাবাব হত্যাযজ্ঞ: কেনিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

কেনিয়ার সোমালিয়া সীমান্তে আল-শাবাব জঙ্গিদের গুলিতে ৩৬ শ্রমিক নিহত হওয়ার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান বদল করেছেন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 11:17 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সহিংসতা সামাল দিতে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ ওলে লেনকুকে বরখাস্ত করে তার জায়গায় বিরোধীদলের রাজনীতিবিদ ও সাবেক সেনা কর্মকর্তা জোসেফ এনকাইসেরিকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট কেনিয়াত্তা।পার্লামেন্টকে এ সিদ্ধান্ত শিগগিরই অনুমোদন করার আহ্বান জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত হওয়ার পর পুলিশ প্রধান ডেভিড কিমাইয়ো নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। কিমাইয়োর পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে বলে জানান কেনিয়াত্তা।

মঙ্গলবার ভোরে সীমান্তবর্তী জেলা মান্দেরায় পাথরের কোয়ারিতে জঙ্গি দল আল-শাবারের গুলিতে ৩৬ শ্রমিক প্রাণ হারায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মধ্যরাতের পর শ্রমিকরা কোয়ারির তাঁবুতে ঘুমিয়ে থাকার সময় জঙ্গিরা হানা দেয়।

শ্রমিকদের মধ্য থেকে মুসলিম ও অমুসলিমদের আলাদা করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুলি করে হত্যা করা হয় বলে জানান স্থানীয় পুলিশ প্রধান।

এ ঘটনার পর জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইউহুরু। রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে তিনি বলেন, “আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পিছু হটব না।”

“এটি কেনিয়া এবং কেনিয়ার জনগণের প্রতি আঘাত। এ এমন এক যুদ্ধ যার বিরুদ্ধে আমাদের সবাইকে লড়ে যেতে হবে।”

তিনি আরো বলেন, “সিদ্ধান্ত নেয়ার এবং যে কোন একটি পথ বেছে নেয়ার এখনই সময়। আপনারা কি একটি উন্মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক কেনিয়া চান নাকি দমনকারী, নিপীড়ক ও চরপন্থিদের পাশে থাকতে চান?”

গত সপ্তাহে একই এলাকায় নাইরোবিগামী একটি বাস ছিনতাই করে এর ২৮ যাত্রীকে গুলি করে হত্যা করে আল শাবাব জঙ্গিরা। এছাড়া দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন হামলা চালাচ্ছে আল-শাবাব বাহিনী।

পুরনো খবর:

কেনিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৩৬ শ্রমিক নিহত