কেনিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৩৬ শ্রমিক নিহত
কেনিয়ার সোমালিয়া সীমান্তের মান্দেরা জেলায় পাথরের কোয়ারিতে বন্দুকধারীদের হামলায় ৩৬ শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে মান্দেরা টাউন থেকে ১৫ কিলোমিটার দূরে কোর্মে এলাকায় এ ঘটনা ঘটে।
সিটিজেন টেলিভিশন খবরে বলা হয়েছে, সোমালিয়া থেকে আসা সন্দেহভাজন আল শাবাব জঙ্গিরা কোয়ারিটিতে হামলা চালিয়ে ওই শ্রমিকদের হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মধ্যরাতের পর শ্রমিকরা কোয়ারির তাঁবুতে ঘুমিয়ে থাকার সময় জঙ্গিরা এসে হানা দেয়।
শ্রমিকদের মধ্য থেকে মুসলিম ও অমুসলিমদের আলাদা করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুলি করে হত্যা করা হয় বলে স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন।
গত সপ্তাহে একই এলাকায় নাইরোবিগামী একটি বাস ছিনতাই করে এর ২৮ যাত্রীকে গুলি করে হত্যা করে আল শাবাব জঙ্গিরা।
